ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ ৪ অক্টোবর ২৭ বছরে পা রাখলেন। এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ফ্যান, সতীর্থ, এবং পরিবারের সদস্যরা। কিন্তু ঋষভের জন্মদিনে সবচেয়ে স্পেশাল উইশটি এসেছে তাঁর দিদি সাক্ষী পন্থের থেকে। ইনস্টাগ্রামে ভাইয়ের উদ্দেশ্যে আবেগঘন বার্তা শেয়ার করেছেন সাক্ষী, লিখেছেন, “ভাই, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। আমি বড় হতে পারি, কিন্তু সবসময় তুমি আমাকে রক্ষা করো। তোমার কাঁধে আমি ভরসা করতে পারি। আমি তোমাকে খুব ভালবাসি।”
২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। সেই দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছিল, কিন্তু চোট সারিয়ে এবার তিনি আবার মাঠে ফিরে এসেছেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে শতরান করেছেন তিনি। ২০২৪ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করার পর তাঁর ফর্মও যথেষ্ট ভাল ছিল।
এখন সবার নজর থাকবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঋষভের পারফরম্যান্সের দিকে। তাঁর কামব্যাক কতটা সফল হবে, সেটাই দেখার।







