ভেঙ্গে দিলেন প্রতিশ্রুতি ! জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন , আফগান তারকা স্পিনার । বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আফগান তারকা রশিদ খান । ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে রশিদের বিবাহের ছবি । একই সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রশিদ এবং তাঁর ৩ ভাই । কাবুলের এক নামকরা হোটেলে বসে চার ভাইয়ের বিবাহ বাসর । খাস পাস্তুনি পোশাকে দেখা যায় রশিদ খান ও তাঁর তিন ভাই , আমির খলিল, রাজা খান ও জাকিআল্লাহরকে।
২২ গজের বহু তারকাই উপস্থিত ছিলেন , রশিদের বিবাহ বাসরে । আফগান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খানও উপস্থিত ছিলেন এদিন । মহম্মদ নবি , আজমাতুল্লাহ ওমরজাই , নাজিবুল্লাহ জারদান, মুজিব উর রহমান প্রমুখ বহু তারকাই উপস্থিত ছিলেন এদিন । সমাজ মাধ্যমের মাধ্যমে বহু অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন রশিদকে । আফগান ক্রিকেট বোর্ডের তরফেও বৈবাহিক জীবনের শুভেচ্ছা জানানো হয়েছে রশিদ খানকে ।
তবে অনেকেই আবার প্রশ্ন তুলছেন সত্যিই কি তাহলে প্রতিশ্রুতি ভেঙ্গে দিলেন আফগান স্পিনার ! উল্লেখ্য এক সাক্ষাৎকারে রশিদ জানিয়েছিলেন , আফগান দল বিশ্বকাপে না জিতলে তিনি বিয়ে করবেন না । কিন্তু অবশেষে ভালোবাসার কাছে হার মানতে হলো রশিদকে । বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি ।






