রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উত্তরকন্যা চত্বর ছিল কড়া নিরাপত্তার বলয়ে। অতিরিক্ত পুলিশ, ট্র্যাফিক কর্মী এবং নিরাপত্তা বাহিনীর নজরদারিতে গোটা এলাকা কার্যত ছেয়ে যায়। কিন্তু সেই নিরাপত্তার আবহেই ঘটে যায় এক চাঞ্চল্যকর পথ দুর্ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর প্রায় ২টা নাগাদ উত্তরকন্যার সামনে ট্র্যাফিক সিগন্যাল লাল হওয়ায় একটি মোটরবাইক দাঁড়িয়ে ছিল। সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইকে থাকা স্বামী-স্ত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দা, ট্র্যাফিক পুলিশ এবং কর্তব্যরত পুলিশকর্মীরা দ্রুত উদ্ধারকাজে নামেন। আহত দম্পতিকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়। এদিকে, কিছু দূরে গিয়ে থেমে যায় ট্রাকটি। ক্ষুব্ধ স্থানীয়রা চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে পুলিশ চালককে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়।
ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। উত্তরকন্যার সামনে রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। তাঁদের অভিযোগ, এই রাস্তায় দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল করছে। একের পর এক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে স্থায়ী কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছানোর আগে পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর হয় পুলিশ। পরে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ঘটনার পর এলাকাবাসীর একটাই প্রশ্ন— যখন মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে গোটা এলাকা ছিল কড়া নিরাপত্তায়, তখনও যদি এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে, তবে সাধারণ দিনে পথচলতি মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত? তাঁদের দাবি, উত্তরকন্যা সংলগ্ন এলাকায় ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্র্যাফিক নজরদারি বাড়ানো এবং স্থায়ী সুরক্ষা ব্যবস্থা অবিলম্বে জোরদার করতে হবে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







