নিউ টাউন থানার পুলিশের তৎপরতায় চুরি যাওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেই এই সাফল্য পায় পুলিশ।
পুলিশ জানায়, নিউ টাউন থানার এলাকায় একটি গ্যারাজ থেকে একটি Suzuki Gixxer SF মোটরসাইকেল চুরি যাওয়ার অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে ২৩ জুলাই ২০২৬ নিউ টাউন থানায় কেস নম্বর ২৬৭/২০২৬-এ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়।
তদন্তে নেমে নিউ টাউন থানার এএসআই বিজয় সিংহ-এর নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থল সংলগ্ন এলাকায় ব্যাপক অনুসন্ধান চালায়। পাশাপাশি একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত সোম দাস-কে গ্রেফতার করা হয়।
পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ জুলাই যাত্রাগাছি এলাকা থেকে চুরি যাওয়া Suzuki Gixxer SF মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এরপর ২৫ জুলাই আরও জিজ্ঞাসাবাদে অভিযুক্তের দেখানো পথ অনুসরণ করে নিউ টাউন থানার আদর্শপল্লি এলাকা থেকে আরও একটি এবং বাগুইআটি থানার উদয়নপল্লি এলাকা থেকে আরও একটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
মোট তিনটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় নিউ টাউন থানার তদন্তকারী দলের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত এখনও চলছে।







