টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর রোহিত এবং তার সহকারী ব্যাটারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। পাঁচজন ব্যাটার শূন্য রানে ফিরে গেছেন। কিন্তু এমন তো হওয়ার ছিলনা। ঘরের মাঠে এমন লজ্জাজনক পারফরম্যান্সের জন্য প্রস্তুত ছিলেন না ভারতীয় ক্রিকেটভক্তরা। মাত্র ৪৬ রানে থেমে গিয়ে দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন স্কোর করলো রোহিত বাহিনী। বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার পর সবাই আশাবাদী ছিলেন কিন্তু হল ঠিক উল্টো। দিনের শেষে ১৮০ তে তিন উইকেট হারিয়ে ১৩৪ রানে এগিয়ে কিউয়িরা।
প্রেস কনফারেন্সে এসে রোহিত শর্মা বললেন, “চালাও তলোয়ার” অর্থাৎ ভারতীয় দলের খারাপ পারফরমেন্সের জন্য সাংবাদিকরা যে তীক্ষ্ণ প্রশ্নবান ছুড়বেন, সেটাই শুরু করার জন্য বললেন রোহিত শর্মা।
সাধারণত এরকম খারাপ পারফরমেন্সের পরে কোন ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে আসেন না, যেকোনো নতুন প্লেয়ারকে পাঠিয়ে দেওয়া হয় সাংবাদিকদের মুখোমুখি হতে। কিন্তু রোহিত শর্মা সেটা করলেন না, খারাপ পারফরমেন্সের দায়িত্ব নিলেন। নিজের ভুল স্বীকার করলেন, মেনে নিলেন টসে ভুল সিদ্ধান্তের কথা, আবার সমস্ত সমালোচনা খুশি মনে শুনলেন। প্রমাণ করলেন যে তিনি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নিতে জানেন।
সবশেষে রোহিত শর্মার একটা কথা রিপিট করা যায়, “আজকে জাস্ট টিম ইন্ডিয়ার জন্য দিনটা খারাপ ছিল।” ভারতীয় দল নিশ্চিত বাউন্স ব্যাক করবে।







