আইপিএলে তাঁকে দেখা যায় মূলত ব্যাট হাতে। বোলিংয়ের সুযোগই প্রায় পান না। ফলে ভারতের দলে নির্বাচনের সময় শিবম দুবেকে নিয়ে প্রশ্ন উঠছিল—কেবল ব্যাটার হিসেবেই কি তিনি জায়গা পাবেন? কিন্তু এশিয়া কাপে আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচেই সেই প্রশ্নের জোরালো জবাব দিলেন তিনি। বল হাতে তুলে নিলেন তিন উইকেট, প্রমাণ করলেন দলে তাঁর ভূমিকা আসলেই অলরাউন্ডারের।
শিবম নিজেই জানিয়েছেন, তাঁর এই প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছেন গৌতম গম্ভীর ও বোলিং কোচ মর্নি মর্কেল। দুজনের পরামর্শ মেনে অফস্টাম্পের বাইরে ধারাবাহিকভাবে বল করা, স্লোয়ার ডেলিভারির কৌশল শেখা, এমনকি রান-আপে পরিবর্তন—সবই আয়ত্ত করেছেন তিনি। ইংল্যান্ড সিরিজে ফেরার পর থেকেই মর্কেল তাঁকে আলাদা করে গাইড করেছেন। কোচিং টিমও আগে থেকে জানিয়ে দিয়েছিল এশিয়া কাপে বোলিং খুবই গুরুত্বপূর্ণ হবে তাঁর জন্য।
তবে শুধু টেকনিক নয়, শারীরিক ও মানসিক দিক থেকেও পরিবর্তন এনেছেন শিবম। জানিয়েছেন, মাঝের দু’টি মাসে তিনি ফিটনেসে বিশেষ মন দিয়েছেন। ব্যাটিংয়ে শর্ট বল সামলাতে শটের বৈচিত্র বাড়ানোর অনুশীলন করেছেন। সেই সঙ্গে ভরসা রেখেছেন নিজের স্লোয়ারে, যা টুর্নামেন্ট যত এগোবে ততই কার্যকর হবে বলে মনে করছেন তিনি।
প্রায়শই হার্দিক পাণ্ড্যের সঙ্গে তাঁর তুলনা করা হলেও শিবম স্পষ্ট করেছেন, কোনও প্রতিযোগিতা নেই তাঁদের মধ্যে। বরং অভিজ্ঞ হার্দিককে ভাইয়ের মতো মনে করেন এবং শিখতে চান যতটা সম্ভব। পাকিস্তানের বিরুদ্ধে আগামী ম্যাচ নিয়েও বাড়তি আবেগ নয়, বরং কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে চান তিনি। বল হাতে নতুন ধার আর ব্যাটে স্থিরতা—দুই মিলে ভারতীয় দলে শিবম দুবের নতুন রূপই এখন সবচেয়ে বড় শক্তি।







