দীর্ঘ ২২ বছরের আইনি লড়াইয়ের অবসান। অবশেষে বড় স্বস্তি পেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার জেকব মার্টিন। ২০০৪ সালের একটি বহুলচর্চিত ফৌজদারি মামলায় তাঁকে সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস করেছে পাটিয়ালা হাউস কোর্ট। প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং পাসপোর্ট আইনের একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। তবে দীর্ঘ শুনানির পর আদালতে কোনও অভিযোগই প্রমাণিত হয়নি।
অভিযোগ কী ছিল?
২০০৪ সালে একটি এফআইআরের ভিত্তিতে জেকব মার্টিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৮, ৪৭১ এবং ১২০বি ধারায় মামলা দায়ের হয়। পাশাপাশি পাসপোর্ট আইনের ১২ নম্বর ধারাও যুক্ত করা হয়েছিল। পুলিশের অভিযোগ ছিল, এক ব্যক্তিকে বেআইনিভাবে ব্রিটেনে থেকে যেতে সাহায্য করেছিলেন জেকব। ওই ব্যক্তি পাসপোর্টে জাল ইমিগ্রেশন স্ট্যাম্প ব্যবহার করেছিলেন এবং সন্দেহজনক আর্থিক লেনদেনেও জেকবের যোগ ছিল বলে দাবি করা হয়েছিল।
তবে মামলার শুনানিতে সেই অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ দিতে পারেনি তদন্তকারী সংস্থা। আদালত জানায়, আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও নির্ভরযোগ্য তথ্য তদন্তকারীরা সামনে আনতে পারেননি। এমনকী আজওয়া স্পোর্টস ক্লাবের মালিকানা বা নিয়ন্ত্রণ জেকব মার্টিনের হাতে ছিল—এই দাবিরও কোনও ভিত্তি পাওয়া যায়নি। একাধিক সাক্ষীও নিজেদের বক্তব্যের পক্ষে যথেষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হন। ফলে প্রমাণের অভাবেই তাঁকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেয় আদালত।
২০০৪ সালে ঠিক কী হয়েছিল?
দীর্ঘ আইনি লড়াইয়ের পর সংবাদমাধ্যমের সামনে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন জেকব মার্টিন। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০০৪ সালে তাঁর একটি দল ইংল্যান্ডে একটি টুর্নামেন্ট খেলতে গিয়েছিল। প্রতিযোগিতা শেষ হওয়ার পর দলের প্রায় সবাই দেশে ফিরে এলেও একজন সেখানেই থেকে যান। তাঁর ভিসার মেয়াদ ছিল ছ’মাস। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি ব্রিটেনে থেকে যান।
পরে কোনওভাবে পাসপোর্টে জাল স্ট্যাম্প লাগিয়ে ভারতে ফেরার চেষ্টা করেন ওই ব্যক্তি। দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পরই বিষয়টি ধরা পড়ে। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখান থেকেই মামলার সূত্রপাত।
‘হাই-প্রোফাইল হওয়ার কারণেই জড়ানো হয়েছিল’
জেকব মার্টিনের দাবি, মূল এফআইআরে তাঁর নাম পর্যন্ত ছিল না। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার কারণে তদন্তের সময় তাঁকে হাই-প্রোফাইল ব্যক্তি হিসেবে মামলায় জড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ এই আইনি প্রক্রিয়ার প্রভাব তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনেও পড়ে।
প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, এত বছর ধরে তিনি বিসিসিআইয়ের কাছ থেকেও কোনও উত্তর পাননি। পাশাপাশি রেলের চাকরিও হারাতে হয়েছিল তাঁকে। দীর্ঘ সময় ধরে মানসিক চাপের মধ্যেও কাটাতে হয়েছে।
ভারতের হয়ে ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডানহাতি এই ব্যাটার। ২২.৫৭ গড়ে তাঁর সংগ্রহ ১৫৮ রান। আন্তর্জাতিক ক্রিকেটে পরিসংখ্যান খুব বড় না হলেও দেশের হয়ে খেলার গর্ব ছিল তাঁর। কিন্তু মাঠের বাইরের এই মামলার কারণে তাঁর ক্রিকেটজীবন এবং ব্যক্তিগত জীবন দু’দিকেই দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে।
অবশেষে আদালতের রায়ে সেই দীর্ঘ অধ্যায়ের ইতি। জেকবের কথায়, ২২ বছর পর পাওয়া এই ক্লিনচিট তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। এতদিনের আইনি লড়াইয়ের পর এই রায় তাঁকে নতুন করে স্বস্তি ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিয়েছে।







