খেলাধুলা

ন’বছরের আরিতের কাছে কাবু কার্লসেন! সময়ের আগে থামল আর এক ভারতীয় অঘটন

ভারতীয় দাবা দুনিয়ায় অচেনা নাম নয় গুকেশ, প্রণব কিংবা আরিত কপিল। কিন্তু মাত্র ৯ বছর বয়সে ম্যাগনাস কার্লসেনকে প্রায় হারিয়ে বিশ্ব দাবায় নতুন চমক হয়ে উঠল আরিত। একসময় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন কার্যত হারতে বসেছিলেন। শেষমেশ সময় ফুরনোয় খেলার ফল ড্র হলেও, ছোট্ট আরিতের সাহসী খেলা মুগ্ধ করেছে সবাইকে।

ঘটনাটি ঘটেছে ‘আর্লি টাইটেল্ড টিউসডে’ নামক অনলাইন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায়। সেখানে জাতীয় স্তরের অনূর্ধ্ব-৯ চ্যাম্পিয়ন আরিত মুখোমুখি হয়েছিল বিশ্বের এক নম্বর দাবাড়ুর। গেম চলাকালীন একাধিক পর্যায়ে আরিত স্পষ্ট সুবিধাজনক অবস্থানে ছিলেন। অভিজ্ঞতায় অনেক পিছিয়ে থাকলেও ঠান্ডা মাথায় চাল চালিয়ে কার্লসেনকে বিপাকে ফেলেছিল ভারতীয় খুদে।

কার্লসেনের বিরুদ্ধে ড্র হলেও প্রতিযোগিতায় শীর্ষে ওঠা হয়নি আরিতের। শেষ পর্যন্ত ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতেরই ভি প্রণব। ৯.৫ পয়েন্ট পেয়েও টাইব্রেকারে পিছিয়ে তৃতীয় হয়েছেন কার্লসেন। দ্বিতীয় হয়েছেন হান্স মোকে নিয়েমান।

এটি প্রথম নয় যখন কোনও ভারতীয় দাবাড়ুর বিরুদ্ধে বিপাকে পড়েছেন কার্লসেন। কয়েক সপ্তাহ আগেই গুকেশের কাছে হেরে রেগে টেবিলে ঘুষি মেরেছিলেন তিনি। এবার আর এক খুদে প্রতিভার বিরুদ্ধে পরাস্ত হতে হতে বাঁচলেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার। আরিতের এই লড়াই ভারতীয় দাবার ভবিষ্যৎ যে কতটা উজ্জ্বল, সে কথাই বারবার প্রমাণ করে দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.