ক্লাব বিশ্বকাপে একদিকে হোঁচট খেল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, অন্যদিকে দাপুটে জয় তুলে নিল চেলসি। শার্লটের ৩৬ ডিগ্রির তাপে যেন গলে গেল বায়ার্নের আক্রমণভাগ। বেনফিকার বিরুদ্ধে ০-১ গোলে হেরে শেষ ষোলোয় উঠলেও, আত্মবিশ্বাসে ধাক্কা খেল হ্যারি কেনদের দল।
ম্যাচের শুরু থেকেই অতিরিক্ত গরমের কারণে খেলোয়াড়েরা ক্লান্ত হয়ে পড়েন। একাধিকবার জলপানের জন্য খেলা থামাতে হয়। ২৫ মিনিটে বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ানি অসুস্থ হয়ে পড়েন। হ্যারি কেন, লিরয় সানে-সহ বায়ার্নের তারকাদের কার্যত খুঁজেই পাওয়া যায়নি। ম্যাচের ১৩ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলেই নির্ধারিত হয় ভাগ্য। বায়ার্নের পরবর্তী প্রতিপক্ষ ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো।
অন্যদিকে চেলসি যেন খেল দেখাল! এসপেরান্স দে তিউনিসকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল তারা। লিয়াম ডেলাপ চেলসির জার্সিতে প্রথম গোল করলেন। আরও দুই গোল করেন টোসিন আদারাবিয়ো ও টাইরিক জর্জ। দু’টি অ্যাসিস্টই করেন এনজ়ো ফের্নান্দেস। ম্যাচের প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় ব্লুজ বাহিনী।
অকল্যান্ড সিটি বনাম বোকা জুনিয়র্স ম্যাচে বজ্রবিদ্যুৎ খেলার ছন্দ ভাঙে। ২৬ মিনিটে লতারো দি লোলো গোল করলেও দ্বিতীয়ার্ধে সমতা ফেরান ক্রিশ্চিয়ান গ্রে। ৫০ মিনিট বন্ধ থাকার পর খেলা শুরু হয়। ১-১ ড্র করে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দুই দলই। লস অ্যাঞ্জেলেস-ফ্ল্যামেঙ্গোর ম্যাচেও একই ফল। ডেনিস বুয়াঙ্গার গোলের পরে ওয়ালাস ইয়ান ম্যাচ বাঁচান।







