প্রতিদিনের মতোই স্বাভাবিক ছিল মেট্রো চলাচল। কিন্তু হঠাৎই মর্মান্তিক দুর্ঘটনায় স্তব্ধ হল কলকাতার মেট্রো পরিষেবা। বুধবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে আপ লাইনের একটি মেট্রো ঢোকার মুখে প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ দেন এক মহিলা। মেট্রো লাইনে পড়ে যান তিনি। প্রাথমিকভাবে আরপিএফ কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম মন্দিরা দাস, বয়স ৫২ বছর।
পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। দুর্ঘটনাটি ঘটে ঠিক অফিস টাইমে, যখন মেট্রো স্টেশনে ছিল প্রচুর ভিড়। হঠাৎ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশনে। পরিষেবা বিঘ্নিত হয় আপ লাইনে। মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত আপ লাইনে মেট্রো চলাচল বন্ধ থাকে প্রায় আধ ঘণ্টা। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পরিবহণ, যেমন বাসে করে গন্তব্যে রওনা দেন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের শুরু হয় মেট্রো পরিষেবা।
উল্লেখ্য, চলতি বছরে মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা একাধিকবার ঘটেছে। ২৯ মে রবীন্দ্র সদন স্টেশনে এবং ২৫ এপ্রিল এমজি রোড স্টেশনে এই ধরনের ঘটনা ঘটে। আরও আগে, ২৩ জানুয়ারি কবি নজরুল স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। ক্রমবর্ধমান এই ধরণের ঘটনায় উদ্বিগ্ন মেট্রো কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বিভাগ। সাধারণ যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে সূত্রের খবর।







