রাজ্য

পাটকাপাড়া চা বাগানে উদ্ধার ১১ ফুট লম্বা রক পাইথন, প্রশিক্ষণের অভাবে উদ্বেগ

আলিপুরদুয়ার জেলার পাটকাপাড়া চা বাগানের থেচবাড়ি সেকশনে হঠাৎই চাঞ্চল্য ছড়ায়, যখন বাগানে কর্মরত চা শ্রমিকেরা একটি বিশাল আকৃতির রক পাইথন দেখতে পান। আনুমানিক ১১ ফুট লম্বা ওই অজগরটি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় বন দপ্তরকে।

খবর পেয়ে বন দপ্তরের পক্ষ থেকে ঘটনাস্থলে পাঠানো হয় এক স্বেচ্ছাসেবক ও সর্পপ্রেমী যুবক গনেশ লোহারাকে। সাহসিকতার সঙ্গে তিনি সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করেন এবং জানান, সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে।

তবে এখানেই উঠে আসে এক গুরুতর প্রশ্ন। গনেশবাবু জানান, “আমাদের এই বিষয়ে কোনও প্রকার সরকারি প্রশিক্ষণ দেওয়া হয়নি। নিজের আগ্রহ থেকেই আমরা এই কাজ করি।” রক পাইথনের মতো নির্বিষ সাপ হলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু ভবিষ্যতে যদি বিষধর কোবরা বা গোখরোর মতো বিপজ্জনক সাপের মুখোমুখি হতে হয়, তখন এই স্বেচ্ছাসেবকদের জীবনের ঝুঁকি কি উপেক্ষা করা যায়?

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী এবং পরিবেশপ্রেমীরা বন দপ্তরের কাছে আশা করছেন যাতে এইসব স্বেচ্ছাসেবকদের পর্যাপ্ত ও পেশাদার প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ বন্য প্রাণীদের প্রাণ বাঁচানোর উদ্যোগ হলেও, তার পিছনে থাকা মানুষের জীবন সুরক্ষিত রাখাও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.