দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনেই কাঁথিতে ‘সনাতনি হিন্দু সম্মেলন’-এর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেন। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচির প্রধান মুখ হলেও, তিনি সরাসরি উদ্যোক্তা নন।
রাজ্যের আপত্তি ছিল, ৩০ এপ্রিল দিঘায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং ‘ভিভিআইপি’ উপস্থিতির কারণে নিরাপত্তার জন্য পুলিশকর্মীদের মোতায়েন করতে হবে। তাই একই দিনে কাঁথিতে অন্য কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। এই প্রেক্ষিতে রাজ্য তারিখ পরিবর্তনের প্রস্তাব দেয়।
তবে মামলাকারীদের দাবি ছিল, দিঘা ও কাঁথির মধ্যে যথেষ্ট দূরত্ব রয়েছে। একই জেলায় হলেও, একটি এলাকায় কর্মসূচি থাকলে অন্য এলাকায় নিষেধাজ্ঞার যুক্তি নেই। এই যুক্তি খতিয়ে দেখে আদালত জানিয়েছে, শর্তসাপেক্ষে সভা করা যাবে।
আদেশে বলা হয়েছে, সর্বোচ্চ তিন হাজার মানুষের জমায়েত হতে পারবে। এই সীমা লঙ্ঘন করা যাবে না। এর আগে পুলিশি অনুমতি না মেলায় হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। বিচারপতি প্রথমে নির্দেশ স্থগিত রাখলেও মঙ্গলবার চূড়ান্তভাবে সম্মেলনের অনুমতি দেন।
সনাতনী হিন্দু সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সভা পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অনুষ্ঠিত হবে। নিরাপত্তা এবং জনশৃঙ্খলার স্বার্থে আদালতের দেওয়া নির্দেশ ও শর্ত পালন করেই আয়োজন করতে হবে সম্মেলন।







