খেলাধুলা

জয়ের হ্যাটট্রিকের পর হার রাজস্থানের! আবেশ ও স্টইনিসের দুর্দান্ত বোলিংয়ে রাজস্থানকে ১০ রানে হারিয়ে চমক দিল লখনউ!

 

গোলাপি শহরে ঘরের মাঠে চলতি আইপিএলের প্রথম ম্যাচটা সুখের হলো না রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)। জয়ের হ্যাটট্রিক করে আত্মবিশ্বাসের ভরপুর হয়ে সোয়াই মান সিং স্টেডিয়ামে খেলতে নামলেও লখনউ সুপার জায়ান্টসের (Lukhnow Super Giants) কাছে আইপিএলের দ্বিতীয় পরাজয় স্বীকার করতে হল প্রথমবারের চ্যাম্পিয়নদের।

 

আইপিএলের লিগ তালিকায় শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় তুলে নিল লখনউ সুপার জায়ান্টস। ম্যাচ ছিল এক বনাম দুইয়ের। সেই ম্যাচে শেষ পর্যন্ত জিতলেন দ্বিতীয় স্থানে থাকা লোকেশ রাহুলরাই। প্রথমে ব্যাট করে লখনউ ১৫৪ রান করেছিল। সেই রান তাড়া করতে নেমে রাজস্থান ১৪৪ রানে শেষ হয়ে গেল। লখনউয়ের ব্যাটারদের ব্যর্থতা বোলাররা ঢেকে দিলেন। অল্প রানের পুঁজি নিয়েও লখনউ ম্যাচ জিতে নিল।

 

অবাক করা বিষয় হল টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ওভার মেডেন। বুধবার ট্রেন্ট বোল্ট ম্যাচটি এই ভাবেই শুরু করেন। সেই ধাক্কা পাওয়ার প্লে পর্যন্ত চলল। ৬ ওভারে লখনউ মাত্র ৩৭ রান তুলল।

 

তবে কোনও উইকেট না হারানোয় মনে করা হয়েছিল শেষ দিকে লোকেশ রাহুলরা হয়তো বড় রান তুলবেন। কিন্তু ৩২ বলে ৩৯ রান করা লখনউ অধিনায়ক নিজে তো পারলেনই না, তাঁর দলের কোনও ব্যাটারই সে ভাবে রান পেলেন না। শুধুমাত্র ব্যতিক্রম কাইল মেয়ার্স।

 

ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ৪২ বলে ৫১ রান করেন। শেষ বেলায় তাঁর দেশের নিকোলাস পুরান ২০ বলে ২৯ রান করে দলের রান ১৫০ পার করেন। ১৯তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের হোল্ডারের বিরুদ্ধে হাত খোলেন ওয়েস্ট ইন্ডিজেরই পুরান।

 

সেই ওভারে ১৭ রান আসে। অল্প রানে লখনউকে আটকে রাখার পিছনে বড় কারণ অবশ্যই রাজস্থানের উইকেট লক্ষ্য করে বল করে যাওয়া। ফলে হাত খুলে লখনউয়ের ব্যাটাররা মারতে পারছিলেন না।

 

উল্লেখ্য, রাজস্থানের হয়ে দু’টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট নেন বোল্ট, সন্দীপ শর্মা এবং জেসন হোল্ডার। কোনও উইকেট পাননি যুজবেন্দ্র চহাল। সব থেকে তিনিই বেশি রানও দিয়েছেন।

 

লখনউয়ের হয়ে ব্যাট হাতে ব্যর্থ আয়ুশ বাদোনি (১), দীপক হুডা (২), ক্রুণাল পাণ্ড্যরা (৪)। মার্কাস স্টোইনিস ১৬ বলে ২১ রান করেন।

 

রাজস্থান ১৫৫ রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল। দুই ওপেনার জস বাটলার এবং যশস্বী জয়সওয়াল ৮৭ রানের জুটি গড়েন। ৩৫ বলে ৪৪ রান করে যশস্বী আউট হন। স্টোইনিসের বলে আবেশ খানের হাতে তিনি ক্যাচ দেন। রান উঠলেও গতি খুব বেশি ছিল না।

 

যশস্বী আউট হওয়ার পরের ওভারেই সঞ্জু স্যামসন আউট হন। তিনি মাত্র ২ রান করেন। রান আউট হয়ে যান রাজস্থানের অধিনায়ক। তার পরের ওভারে ৪১ বলে ৪০ রান করে জস বাটলার আউট হন। তাঁর উইকেটটিও স্টোইনিস নেন। আগের ম্যাচটি জেতানো শিমরন হেটমেয়ার এই ম্যাচে মাত্র ২ রান করে আউট হয়ে যান।

 

আর তারপর ১০৪ রানে ৪ উইকেট হারিয়ে রাজস্থান একটু চাপে পড়ে গিয়েছিল। যদিও জয়ের রাস্তা থাকা তারা খুব দূরে সরে যায়নি। দেবদত্ত পাড়িক্কল তখনও ক্রিজে থাকায় সমর্থকদের আশা ছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। ম্যাচ জিতে নিল লখনউ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.