নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নামতে চলেছে ভারতীয় ফুটবল দল। ১৮ নভেম্বর হায়দরাবাদের জিএমসি বলায়োগি গাচিবাউলি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচের জন্য কোচ মানোলো মার্কেজ ২৬ জন ফুটবলারের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করেছেন। ভারতের জন্য এটি মানোলো মার্কেজের অধীনে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ তার অধীনে এখনও পর্যন্ত দলটি জয়ের স্বাদ পায়নি। ভিয়েতনামের বিরুদ্ধে শেষ ম্যাচে ড্র করেও ভারতীয় ফুটবলাররা উন্নতির লক্ষণ দেখিয়েছে, যা এবার মালয়েশিয়ার বিরুদ্ধে তাদের আত্মবিশ্বাস বাড়াতে পারে।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে ১২৫তম স্থানে, যেখানে মালয়েশিয়া রয়েছে আট ধাপ নিচে, ১৩৩ তম স্থানে। ভারত এই র্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্বকে কাজে লাগাতে চায় এবং জয় তুলে নিয়ে মর্যাদা রক্ষা করতে প্রস্তুত। দলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ভারসাম্য রাখা হয়েছে, যা এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় সমর্থকদের আশার আলো দেখাচ্ছে।
ফুটবলাররা ১১ নভেম্বর হায়দরাবাদে প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন। এই ম্যাচ ভারতীয় দলের জন্য একটি সুযোগ, আন্তর্জাতিক পর্যায়ে উন্নত ফুটবল প্রদর্শনের মাধ্যমে বিশ্ব র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করার।







