বেড়াতে যাওয়ার নাম করে এক গৃহবধূকে রেস্তোরাঁয় নিয়ে যাওয়ার পর নির্জন এলাকায় গণধর্ষণের অভিযোগ উঠল তাঁরই পরিচিত যুবক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার মিনাখাঁর। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মুস্তাকিন দেওয়ান ও হাবিবুল্লা সর্দার। আরও এক অভিযুক্ত মিজানুর মোল্লার খোঁজে চলছে তল্লাশি।
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা মুস্তাকিনের সঙ্গে ওই গৃহবধূর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। শুক্রবার তাঁকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে মিনাখাঁ থানা এলাকার একটি রেস্তোরাঁয় নিয়ে যায় মুস্তাকিন। অভিযোগ, সেখানে আগে থেকেই উপস্থিত ছিল তার দুই বন্ধু।
অভিযোগ অনুযায়ী, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর ওই মহিলাকে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনজন মিলে তাঁর উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ঘটনার পরই থানায় গিয়ে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নামে মিনাখাঁ থানার পুলিশ। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্তও চালানো হচ্ছে।







