বর্তমান সময়ে যখন রাস্তায় টাকা পরে থাকতে দেখলে অনেকেই তুলে নেই সেই পরিস্থিতিতে ১৫ লক্ষ টাকা ফিরিয়ে দিলেন এক রিকশা চালক। ১৫ লক্ষ টাকার চেক পুলিশের কাছে ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন এক রিকশা চালক।
সূত্রের তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটেছে বাগুইআটিতে। রিকশা চালকের নাম নুর আলি। বছর ৪০-এর নুর আলি বাগুইআটির জোড়ামন্দির এলাকায় রিকশা চালান। তিনি রিকশা চালানোর সময় চিনার পার্ক এলাকায় রাস্তায় চারটি চেক পড়ে থাকতে দেখেন। চেকগুলি দেখে তিনি জানতে পারেন সেটি প্রচুর অঙ্কের টাকার। এরপর তিনি চেকগুলি নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের স্থানীয় অফিসে যান। ব্যাংকের তরফেই খবর দেওয়া হয় পুলিশে।
ব্যাংক সূত্রে জানা গেছে মোট টাকার পরিমাণ ছিল ১৫ লক্ষ টাকা। ঘটনার পরে চেকের আসল মালিককে খুঁজে পেতে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে খবর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পূর্বাচল শাখার ওই চেকগুলি ইস্যু করা হয়েছিল একজনের নামে। সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে পুলিশ। এরপরেই প্রমাণ খতিয়ে দেখে চেক তাঁর হাতে তুলে দেওয়া হয় পুলিশের তরফে।







