রেশন ব্যবস্থার দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতির ওপর। জেলবন্দী হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই পরিস্থিতিতে রেশন সামগ্রী নিয়ে একটি রিপোর্ট তৈরি করলো কেন্দ্রীয় সরকার। আর তাতেই উঠে এলো অভাবনীয় তথ্য।
সম্প্রতি হাউসহোল্ড কনজাম্পশন এক্সপেনডিচার সার্ভে করা হয়েছিলো কেন্দ্রীয় সরকারের তরফে। যার থেকে জানা গেছে ২০২২ এর আগস্ট থেকে ২০২৩ এর জুলাই পর্যন্ত FCI থেকে রেশন পরিষেবার মাধ্যমে কতটা চাল-গম বেরিয়েছে এবং তার কত শতাংশ পৌঁছেছে সাধারণ মানুষের কাছে। সেই রিপোর্টেই উঠে এলো অভাবনীয় তথ্য। রিপোর্টে দাবি করা হয়েছে রেশনে দেওয়ার জন্য FCI থেকে যে খাদ্যশস্য সরবরাহ করা হয় তার মধ্যে থেকে ২৮ শতাংশ মাঝপথে নষ্ট হয়ে যায়। যার আর্থিকমূল্য প্রায় ৬৯ হাজার কোটি টাকা।
শুধু তাই নয় দেশের বিভিন্ন প্রান্তে এভাবেই নষ্ট হচ্ছে রেশন সামগ্রী। তবে পশ্চিমবঙ্গে অনেক কম খাদ্যশস্য নষ্ট হচ্ছে অন্যান্য রাজ্যের তুলনায়। প্রতি বছর শুধুমাত্র সংরক্ষণের অভাবে সারা দেশে প্রায় ২০০ লক্ষ টন খাদ্যশস্য নষ্ট হয়। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এই বিষয়ে বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের খাদ্য সরবরাহ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। চালু হয়েছে ডোর স্টেপ ডেলিভারি। সমস্ত রেশন দোকানে ই-পস মেশিন, ইলেকট্রনিক ওজন যন্ত্র এবং আই স্ক্যানার বসানো হয়েছে। স্টেট ওয়্যারহাউসিং কর্পোরেশনের মাধ্যমে গোডাউনগুলিকে আধুনিক করা হয়েছে। গোডাউনে কতটা মাল ঢুকছে আর কতটা বেরোচ্ছে তার উপরে সর্বক্ষণ নজরদারি চলছে।”







