আবারো অগ্নি দগ্ধ কলকাতা। ঢাকুরিয়া বস্তিতে আগুন লাগার ফলে ৮টা বাড়ি পুড়ে ছাই। ঢাকুরিয়ার কাকুলিয়া রোডে ভয়ংকর আগুন।প্রমোটিংয়ের জন্য আগুন ধরানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। আগুন লাগার পর ঢাকুরিয়ার বস্তিতে একের পর এক ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে শুরু করে। ঘটনাস্থলে রাতেই পৌঁছন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মেয়র ঘটনাস্থলে দাঁড়িয়ে যে বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনরনির্মাণ করে দেওয়া হবে বলে আশ্বাস দেন।
এছাড় দমকল সূত্রে জানা গেছে, বন্ধ বাড়িতে ধূপের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মোট সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। বালিগঞ্জ সংলগ্ন কাকুলিয়া রোড এলাকায় স্বাভাবিক যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দমকলের পক্ষ থেকে দাবি করা হয় অতি দ্রুত সেখানে দমকল বাহিনী পৌঁছে যাওয়ায় বড় অগ্নিকাণ্ড ঠেকানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ড -এর ঘটনা নিয়ে তদন্ত শুরু করবে দমকল বিভাগ ও পুলিশ। তবে অগ্নিকাণ্ডে আহত হওয়ার কোন খবর নেই বলে সূত্রের খবর।







