নিজস্ব সংবাদদাতা : বাঙালির সঙ্গে পিঠে ওতপ্রোতভাবে জড়িত।পিঠে-পুলি খেতে কার না ভালো লাগে। সাধারণত বেশিরভাগ বাড়িতেই পিঠে হয় শীতকালে অর্থাৎ পৌষ পার্বণের সময়। সেই তালিকায় থাকে দুধপুলি,নারকেল , ক্ষীর ও সন্দেশের তৈরি পাটিসাপটাও। নতুন গুড় আর নারকেলের কড়া পাকে যে পুর তৈরি হয় তার স্বাদ কিন্তু আলাদাই। হলফ করে বলা যায় তালের পাটিসাপটাও কিন্তু সুজি-ময়দার পাটিসাপটার থেকে কোন অংশেই কম যায় না। তাই এবার ভাদ্রের তাল দিয়ে বানিয়ে নিন তালের পাটিসাপটা।
বছরের মাত্র এই একটি সময়েই বাজারে দেখা মেলে পাকা তালের।তালের এমনই মিষ্টি গন্ধ যে কোনও এক বাড়িতে যদি তালের বড়া ভাজা হয় তাহলে তার গন্ধ ছড়িয়ে পড়ে দূর দূরান্ত পর্যন্ত।আর অসময়ে এমন পিঠে খেতে কার না ভালো লাগে বলুন।তালের রস সুজি, ময়দার সঙ্গে মিশিয়ে তার সঙ্গে নারকেলের পাকে খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন তালের পাটিসাপটা। মিষ্টিপ্রেমীদের এটি খুব ভালো লাগবেই।
তবে এই তালের পাটিসাপটা তৈরি করতে আপনার লাগবে বেশ কয়েকটি উপকরণ। পিঠের জন্য লাগবে-
১ টা মিডিয়াম সাইজের তাল
১০০ গ্ৰাম সুজি
১৫০ গ্ৰাম ময়দা
চিনি- হাফ কাপ(স্বাদ অনুসারে)
৩৫০মিলি দুধ
আর পুর বানানোর জন্য লাগবে-
ক্ষীর- ২০০ গ্রাম
নারকেল কোরা- ১ কাপ
চিনি ( স্বাদ অনুসারে)
প্রথমেই তালের পাল্পটা বার করে নিতে হবে একটা চালনিতে দিয়ে। তারপর গ্যাসে কড়াই বসিয়ে পাল্পটা ঢেলে জাল দিতে হবে। তাল জাল দেওয়ার সময় একটা ফেনা তৈরি হয় সেই ফেনাটা চামচ দিয়ে তুলে ফলে দিতে হবে। এবার তাল একটু ঘন হয়ে আসলে সুজি, ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার ওর সঙ্গে চিনি ও দুধ মিশিয়ে নিন। তারপর মিশ্রণটা ১ ঘন্টা রেখে দিন।
এরপর ক্ষীর আর নারকেল কোরা আর চিনি দিয়ে ভালো করে পাক করে পুর বানিয়ে নিন।তারপর চাটুতে বা কড়াই -এ তেল ব্রাশ করে দিন। এবার ওর মধ্যে মিশ্রণটা স্প্রেড করে তার মধ্যে নারকেলের পুর দিয়ে পাটিসাপটার মতো করে মুড়ে ফেলুন। এরপর ভেজে নিলেই তৈরি তালের পাটিসাপটা। তারপর গরম গরম পরিবেশন করুন এটি। তবে তালের পাটিসাপটা বাসি রেখে খাওয়ার মজাই আলাদা।







