জয়নগরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলায় ৬১ দিনের মাথায় দোষীসাব্যস্ত যুবককে ফাঁসির সাজা দিল আদালত। শুক্রবার রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি সুব্রত চট্টোপাধ্যায় বলেন, যিনি দোষী সাব্যস্ত হয়েছেন তার মধ্যে কোনও অনুশোচনা নেই।
গত ৫ অক্টোবর জয়নগরের কুলতলিতে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সেই মামলারই সাজা ঘোষণা করতে গিয়ে বিচারপতি সুব্রত চট্টোপাধ্যায় বলেন, “একটি শিশু হচ্ছে ফুলের মত। সে যখন জন্মায়, শুধু একটা পরিবার নয়, সমাজকেও আলোকিত করে। এবং তার এভাবে চলে যাওয়াটা অত্যন্ত বেদনাদায়ক।”
বিচারক আরও বলেন, “আপনারা জানেন যে এই মামলায় খুব অল্প সময়ের মধ্যে বিচার শেষ হয়েছে। ৩৬ জন সাক্ষী ছিলেন।” মার্টিন লুথার কিংয়ের একটি বক্তব্য তিনি উল্লেখ করে বলেন, “ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিট এভরিহোয়ার। এরপর আরও একটি কোট মনে পড়ছে, ইফ ইউ আর নিউট্রাল ইন সিচুয়েশন অব ইনজাস্টিস, ইউ হেভ চুজেন দ্য সাইড অব অপপ্রেসর।”
ঘটনা নিয়ে বিচারপতি মন্তব্য করেন, “এই ঘটনাকে একেবারে বিরলও বলা যাবে না। আবার বিরল নয়, সেটাও বলা যাবে না। এধরনের ঘটনা সমাজে ঘটেই চলেছে। কখনও নির্ভয়া, কখনো তিলোত্তমা, কখনও দামিনী। কোথায় গিয়ে থামবে জানি না। কিন্তু এই ধরনের মৃত্যু মিছিল থামানোর দায় আমাদের সবার আছে। প্রশাসন ও আইন বিভাগেরও আছে। মানুষ পুলিশ প্রশাসনের উপর আইনশৃঙ্খলা এবং তদন্তের জন্য ভরসা রাখে। আর বিচার পাওয়ার জন্য আমাদের দিকে তাকিয়ে থাকে।”
দোষীর মনস্তাত্ত্বিক দিক থেকে বিচার করে বিচারক বলেন যে, “মেয়েটির শরীরে বহু আঘাতের চিহ্ন ছিল। নির্মম যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তারপর খুন করা হয়েছে। এরপরও অভিযুক্তের মধ্যে কোনও অনুতাপ কিংবা অনুশোচনা দেখা যায়নি। ঘটনার পর বাড়িতে গিয়ে নির্বিকারভাবে ঘুমিয়ে পড়ে। এমনকি বিচার চলাকালীন তার মধ্যে কোনও অনুতাপ দেখা যায়নি। খুবই আশঙ্কার বিষয়। সমাজে যাঁরা আইন মেনে চলেন, এই ধরনের মানুষের সঙ্গে তাঁদের থাকতে হচ্ছে।”






