শুধু মাত্র দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গানের ব্যান্ড – এ গান করার জন্য বাড়ি থেকে পালিয়ে গেল তিন স্কুল পড়ুয়া। মুর্শিদাবাদের শক্তিপুর এলাকার তিন পড়ুয়া, যার মধ্যে একজন পড়ে সপ্তম শ্রেণীতে এবং অন্য দুজন নবম শ্রেণীতে। কিছু জামাকাপড় ও টাকা নিয়ে ওই তিন ছাত্রী ৫ই সেপ্টেম্বর বাড়ির লোকের আড়ালে পালিয়ে যায়।
প্রথমে তারা ট্রেন ধরে শিয়ালদহ যায়। তারপর সেখান থেকে ট্যাক্সি করে সল্টলেকে যায় হোটেল খোঁজার জন্য। সেখানে হোটেল না পাওয়ার জন্য তারা আবার শিয়ালদহতে ফিরে যায়।
এতো কিছুর মধ্যে পুলিশ ওই তিন নাবালিকাকে খুঁজতে শুরু করে দেয়। সম্পূর্ণ বিষয়টি নিয়ন্ত্রণ করে হাওড়া সিটি পুলিশের অন্তর্গত সাঁতরাগাছি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃনাল সিনহা।
ভাগ্যচক্রে ওই তিন নাবালিকাদের মধ্যে একজনের ফোন ট্র্যাক করা যায়। তারপর শুরু হয় পুলিশের তল্লাশি। মোবাইলের মাধ্যমে ওই তিন মেয়ের শালিমার স্টেশনে খোঁজ পাওয়া যায়। সাঁতরাগাছি থানার পুলিশ শালিমার স্টেশনের ওয়েটিং রুম থেকে তাদের উদ্ধার করে।
তারপর মৃণাল সিনহা তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে অনলাইনে তাদের বিটিএস গ্রুপের সঙ্গে স্টেজে গান বাজনার সুযোগ দেওয়া হবে। তার জন্য তারা কেউ কিছু না বলে ঘর ছেড়েছে। পুলিশ সূত্রে খবর, হিউমান ট্রাফিকিংয়ের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা তাদের প্রলোভন দেখানোর পিছনে রয়েছে। কিন্তু ওই তিন নাবালিকার কাছ থেকে কোন নাম জানা যায়নি।
কিন্তু কিভাবে প্রত্যন্ত গ্রামের মেয়েরা সল্টলেক তারপর শিয়ালদা থেকে শালিমার গেল সেই বিষয়ে এখনো কোনো খোঁজ মেলেনি। তবে সেই ছাত্রীদের ফোনে বেশ কিছু ফোন আসে, সেই ফোনের নাম্বার ধরে পুলিশ তাদের কাছে পৌঁছাতে চায়। শুক্রবার উদ্ধার হওয়া তিনজনকে আদালতে তুলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই পরিবারের কাছে তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর।







