বলিউডের প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী-র পরিবারে এখন খুশির হাওয়া। ১৬ জুন তাঁর জন্মদিনের ঠিক আগেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন মেয়ে দিশানী চক্রবর্তী। দীর্ঘদিনের প্রেমিক মাইলস ম্যান্টজারিসের সঙ্গে বাগ্দান সেরে ফেলেছেন তিনি। এই সুখবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দিশানী।
লস অ্যাঞ্জেলেসে এক সমুদ্রতীরবর্তী মনোরম পরিবেশে মাইলস হাঁটু গেড়ে বসে দিশানীকে বিয়ের প্রস্তাব দেন। সেই বিশেষ মুহূর্তের একাধিক ছবি ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল। বাগ্দানের আংটি দেখিয়ে দিশানী লিখেছেন, “এটাই আমার জীবনের সবচেয়ে সহজ সিদ্ধান্ত।” জানা গিয়েছে, আগামী ৬ ডিসেম্বর তাঁদের বিয়ে হওয়ার কথা।
পেশায় মাইলস একজন স্টেডিক্যাম অপারেটর ও কালারিস্ট। হলিউডের সঙ্গে যুক্ত এই তরুণের সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্কে ছিলেন দিশানী। তবে ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বরাবরই ছিলেন প্রচারের আড়ালে।
দিশানীর জীবনকাহিনিও কম অনুপ্রেরণাদায়ক নয়। ছোটবেলায় দত্তক হিসেবে তাঁকে নিজের পরিবারে জায়গা দিয়েছিলেন মিঠুন ও তাঁর স্ত্রী যোগিতা বালি। পরবর্তীতে অভিনয়ের স্বপ্ন নিয়ে আমেরিকায় পড়াশোনা করেন তিনি এবং ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে কাজও শুরু করেছেন।
বাবার জন্মদিনের ঠিক আগে মেয়ের বাগ্দানের এই খবর স্বাভাবিকভাবেই চক্রবর্তী পরিবারে এনে দিয়েছে দ্বিগুণ আনন্দ। এখন অপেক্ষা ডিসেম্বরের সেই বিশেষ দিনের, যখন চার হাত এক হবে দিশানী ও মাইলসের।







