খেলাধুলা

পুজোর আগে কলকাতায় দুই বিশ্বচ্যাম্পিয়ন, ভারতের সামনে একের পর এক বিশ্বকাপের দল

পুজোর আগেই কলকাতায় ফুটবলের মেগা-আসর। ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচের রেশ কাটতে না কাটতেই একই মাঠে আরও এক বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হবে সুনীল ছেত্রীরা। সূত্রের খবর, আগামী ৬ অক্টোবর ভারতের বিরুদ্ধে মাঠে নামবে দু’বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে।

কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, বিশ্বকাপে নজর কাড়া কেপ ভার্দে ভারতের মাটিতে খেলতে আসতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্ভাবনা কার্যত উড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে ভোজিনহার মতো তারকাকে ভারতের মাঠে দেখার সুযোগ আপাতত হচ্ছে না। তাঁর জায়গায় উরুগুয়েকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার সম্ভাবনাই বেশি।

ইতিমধ্যেই ৩ অক্টোবর যুবভারতীতে ভারত-ব্রাজিল ম্যাচের ঘোষণা হয়ে গিয়েছে। পাশাপাশি বিশ্বকাপে খেলা পানামার বিরুদ্ধেও ভারতের ম্যাচ প্রায় নিশ্চিত বলে খবর। আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে সেই ম্যাচ হওয়ার কথা। এবারের বিশ্বকাপে খেলা পানামা ফিফা র‍্যাঙ্কিং ও শক্তির বিচারে ভারতের থেকে অনেকটাই এগিয়ে।

এরপর ভারতের মাটিতে আসতে পারে নিউজিল্যান্ডও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিউজিল্যান্ড সফরের সময়ই ভারত-নিউজিল্যান্ড ম্যাচের কথা ঘোষণা করা হয়েছিল। সূত্রের খবর, নভেম্বরেই হতে পারে সেই ম্যাচ। তবে এখনও ম্যাচের নির্দিষ্ট দিন ও ভেন্যু চূড়ান্ত হয়নি।

সবমিলিয়ে বছরের শেষভাগে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে একের পর এক বড় ম্যাচ। ব্রাজিল, উরুগুয়ে, পানামা এবং নিউজিল্যান্ড—চার প্রতিপক্ষই এবারের বিশ্বকাপে খেলেছে। ফলে পরপর চার বিশ্বকাপ-খেলা দলের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পেতে চলেছে ‘ব্লু টাইগার্স’রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.