নয়াদিল্লি: যন্তর মন্তরের বিক্ষোভকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে অশ্লীল ভাষা ও কটূক্তি ব্যবহারের অভিযোগের পর যুবসমাজের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ তাঁর সমাজমাধ্যমে প্রকাশিত প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি প্রতিহিংসার বদলে ক্ষমা, সংলাপ এবং সঠিক পথ দেখানোর আহ্বান জানান।
ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, যন্তর মন্তরের ঘটনাটি দেশ-বিদেশের মানুষ দেখেছেন। তাঁর অভিযোগ, কিছু যুবক-যুবতী তাঁর পাশাপাশি তাঁর মাকেও কটূক্তি করেছেন। তবে শাস্তির বদলে তাঁদের সংশোধনের সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। মোদীর কথায়, “ছোটবেলায় ভুল হতেই পারে। কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার সময়ও রয়েছে। এই ছেলেমেয়েদের বুকে টেনে নিয়ে সঠিক পথ দেখানোই আমাদের কর্তব্য।”
যুবসমাজের ভাষা ও আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সমাজে সাংস্কৃতিক অবক্ষয় দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অশালীন ভাষার ব্যবহার নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে একটি উপমা দিয়ে তিনি বলেন, “দাঁতের নীচে কখনও জিভ চলে আসে, রক্তও পড়ে। কিন্তু আমরা দাঁত ভেঙে ফেলি না। কারণ দাঁত ও জিভ— দুটোই আমাদের। এই বাচ্চারাও আমাদেরই।”
ভিডিওর শেষ অংশে ‘ফ্রেন্ডস’ ও ‘দোস্ত’ বলে সম্বোধন করে মোদী যুবসমাজকে দেশের উন্নয়নের যাত্রায় সামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ভুল থেকে শিক্ষা নিন, নতুন কিছু শিখুন এবং দেশের অগ্রগতির জন্য একসঙ্গে এগিয়ে চলুন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎই আমার স্বপ্ন।”
প্রধানমন্ত্রীর এই বার্তা এমন এক সময়ে এল, যখন সমাজমাধ্যমে আপত্তিকর পোস্টকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও আইনি পদক্ষেপ নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।







