ভারতীয় বিনোদন দুনিয়া হারাল আরও এক উজ্জ্বল নক্ষত্র। প্রখ্যাত প্রযোজক ও অভিনেতা ধীরজ কুমার প্রয়াত হলেন মঙ্গলবার। দীর্ঘদিন ধরে নিউমোনিয়ার সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবার সেখানেই তাঁর জীবনাবসান ঘটে। বয়স হয়েছিল ৭৯ বছর।
ধীরজ কুমারের পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। ১৯৬৫ সালে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন তিনি। কেরিয়ারের শুরুতেই এক প্রতিযোগিতায় হার মানান সুভাষ ঘাই ও রাজেশ খান্নার মতো প্রতিভাদের। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ক্ষেত্রেও তাঁর দক্ষতা ছিল অনস্বীকার্য। প্রায় ২১টি পাঞ্জাবি সিনেমায় তিনি অভিনয় করেন। ছোটোপর্দায় ‘ক্রিয়েটিভ আই’ প্রযোজনা সংস্থার ব্যানারে বহু জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন। অভিনয় করেছিলেন ‘স্বামী’ ও ‘ক্যায়া কারু সজনী আয়ে না বলম’-এর মতো চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে।
সম্প্রতি মুম্বইয়ের ইসকন মন্দিরের উদ্বোধনী মঞ্চে তাঁকে দেখা গিয়েছিল প্রাণবন্ত ভাবে। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন,”আমি এখানে এসেছি একজন ভক্ত হিসাবে। একজন সাধারণ মানুষ হিসাবে। আমাকে যদিও ভিভিআইপি হিসাবে সম্বোধন করা হয়েছে এখানে কিন্তু আমি মনে করি আসল ভিভিআইপি হলেন স্বয়ং ভগবান।” ধীরজ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন মহল। তাঁর অবদান দীর্ঘদিন মনে রাখবেন দর্শক এবং সহকর্মীরা।







