এতদিন যা ছিল শুধুই গুঞ্জন, এবার তা সত্যি! ভারতীয় ক্রিকেটের প্রিন্স, বাঙালির আবেগ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করলেন অভিনেতা রাজকুমার রাও। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি খুব নার্ভাস, কিন্তু দারুণ উচ্ছ্বসিতও। এটা একটা বিরাট দায়িত্ব। আমরা সবাই মিলে এই ছবিটিকে সেরা করে তুলতে চাই।”
সিনে-প্রেমী থেকে ক্রীড়াপ্রেমী, বিশেষ করে বাঙালির মধ্যে এই বায়োপিক ঘিরে উন্মাদনার শেষ নেই। ‘মহারাজ’-এর চরিত্রে নিজেকে মানিয়ে নিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন বাংলার জামাই রাজকুমার রাও। অভিনেতা জানালেন, বহু বছর ধরেই বাংলা ভাষা রপ্ত করছেন তিনি। আর তার পেছনে রয়েছেন তাঁর বাঙালি স্ত্রী, অভিনেত্রী পত্রলেখা চট্টোপাধ্যায়।
এই বায়োপিক নিয়ে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও। তিনি বলেন, “রাজকুমার চূড়ান্ত হয়েছে জেনে আমি খুশি। আমার মনে হয় না, ওঁর থেকে ভালো কেউ এই চরিত্রে নিজেকে মেলে ধরতে পারত।”
মহেন্দ্র সিং ধোনি, কপিল দেবদের পর এবার রুপোলি পর্দায় ধরা পড়তে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের লড়াই, নেতৃত্ব ও ঐতিহ্যের গল্প। এখনও ছবির শুটিং শুরু হয়নি। রাজকুমার জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে ছবির মুক্তি পেতে একবছরের মতো সময় লাগবে।
আর ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যেতে পারে ‘কালা’ খ্যাত তৃপ্তি দিমরিকে—যদিও এ নিয়ে প্রযোজনা সংস্থার তরফে এখনও কিছু নিশ্চিত হয়নি।
এবার অপেক্ষা, শুধু মহারাজের মেগা কামব্যাকের!







