ভেনেজুয়েলায় চলমান নাটকীয় রাজনৈতিক ও সামরিক টানাপোড়েন ঘিরে অবস্থান স্পষ্ট করল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তৎপরতা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে নয়াদিল্লি জানাল, গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। রবিবার সকালে এই মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের বিদেশমন্ত্রক।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাঁর সমাজমাধ্যমে সেই বিবৃতি প্রকাশ করে জানান, ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই সওয়াল করছে সাউথ ব্লক।
বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে,
“ভেনেজুয়েলার মানুষের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছনোর জন্য আহ্বান জানানো হচ্ছে।”
একই সঙ্গে জানানো হয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে ঘটে চলা প্রতিটি ঘটনার উপর নিয়মিত নজর রাখছে ভারত। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সঙ্গে ভারতের কূটনৈতিক প্রতিনিধি দল নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনে সবরকম সহায়তার জন্য প্রস্তুত রয়েছে নয়াদিল্লি।
কী চলছে ভেনেজুয়েলায়?
শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পরপর সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের আগে ও পরে আকাশে একাধিক যুদ্ধবিমান উড়তে দেখা যায়। ঘটনার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সমাজমাধ্যমে বিস্ফোরক বার্তা দেন।
ট্রাম্প দাবি করেন,
“ভেনেজুয়েলা ও তার নেতৃত্বের বিরুদ্ধে বৃহৎ পরিসরে সামরিক অভিযান চালানো হয়েছে।”
এমনকি তাঁর দাবি, মার্কিন ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। ট্রাম্প মাদুরোকে ‘অবৈধ শাসক’ আখ্যা দিয়ে জানান, তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে মার্কিন সেনার তরফে।
এরপরই বিশ্ব রাজনীতিতে প্রবল আলোড়ন সৃষ্টি হয়। আন্তর্জাতিক মহলের একাংশ এই ঘটনাকে সরাসরি সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। বিতর্ক আরও তীব্র হয় যখন ভারতীয় সময় অনুযায়ী রাত প্রায় ১২টা নাগাদ ট্রাম্প ঘোষণা করেন,
“ভেনেজুয়েলা এখন আমেরিকার নিয়ন্ত্রণে চলবে।”
এই ঘোষণার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র নিন্দার ঝড়।







