ক্রিকেট মাঠের বাইরের উত্তাপ ক্রমেই ছড়াচ্ছে আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে। মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে ভারত কড়া অবস্থান নেওয়ার পর, বিষয়টি নিয়ে সরাসরি আইসিসির দ্বারস্থ হওয়ার পথে বাংলাদেশ। এরই মধ্যে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে বিশ্ব ক্রিকেটে নতুন করে অনিশ্চয়তার মেঘ।
সূত্রের খবর, ৩ জানুয়ারি রাতে এই ইস্যুতে জরুরি বৈঠকে বসে বিসিবি। বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের শীর্ষকর্তা ও ক্রীড়ামন্ত্রকের প্রতিনিধিরা। জানা গিয়েছে, ক্রীড়ামন্ত্রীর তরফে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে—সম্পূর্ণ বিষয়টি আইসিসিকে লিখিতভাবে জানাতে। বিশেষ করে ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের নির্ধারিত ম্যাচটি অন্যত্র সরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশের যুক্তি, বর্তমান পরিস্থিতিতে ভারতে ম্যাচ খেললে দল ও সমর্থকদের নিরাপত্তা এবং পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেই কারণেই তারা ম্যাচ ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির অনুমতি চাইতে পারে বলে জানা যাচ্ছে। তবে বোর্ডের অন্দরে এ নিয়েও মতভেদ রয়েছে।
কারণ, বিশ্বকাপ বয়কট বা ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিলে কঠোর শাস্তির মুখে পড়তে পারে বিসিবি। আইসিসির নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট বয়কট করলে আর্থিক জরিমানা থেকে শুরু করে ভবিষ্যৎ ইভেন্টে নিষেধাজ্ঞার মতো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এর প্রভাব পড়তে পারে শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের আন্তর্জাতিক কেরিয়ারেও।
ক্রিকেট মহলের একাংশের মতে, পাল্টা চাপ তৈরি করতে গিয়েই উল্টো চাপে পড়তে পারে বাংলাদেশ। কূটনৈতিক বার্তা দিতে গিয়ে ক্রিকেটীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে ভারতীয় বোর্ড বা সরকারের তরফে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।
সব মিলিয়ে প্রশ্ন উঠছে—ক্রিকেট থেকে কি ধীরে ধীরে সরে যাচ্ছে ইউনূসের দেশ? নাকি এটি কেবল চাপের রাজনীতিতে দর কষাকষির কৌশল? আইসিসির অবস্থানই এখন নির্ধারণ করবে, এই সংঘাত কোন পথে গড়ায়।







