অ্যালোভেরা বা ঘৃতকুমারী একটি ঔষধি গুণসম্পন্ন গাছ। ভেষজ উদ্ভিদ অ্যালোভেরার অনেক উপকারিতা রয়েছে। এটি শরীরের বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টির জোগান দেয়। চুল ও ত্বকের পরিচর্যার ক্ষেত্রেও উপকারী এ উদ্ভিদ।চলুন জেনে নিই অ্যালোভেরার কী কী উপকারিতা রয়েছে।
ত্বক করে উজ্জ্বল
অ্যালোভেরার শাঁসের সঙ্গে দুধ, মধু, কাঁচা হলুদ বাটা ও দুধের সর মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন। এবার এই প্যাক মুখে লাগিয়ে শুকিয়ে নিন। তারপর তা ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।
ট্যান ও ব্রণ দূর করে
ত্বকের ট্যান এবং ব্রণ তাড়াতে অ্যালোভেরার সঙ্গে শসার রস ও দই দিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করুন, ফল পাবেন হাতেনাতে।
চুল পড়া কমায়
চুল পড়ার সমস্যা দূর করে অ্যালোভেরা। এর রসে আছে প্রোটিওল্যাক্টিক এনজাইম, যা মাথার তালুর কোষগুলোর স্বাস্থ্যরক্ষায় সক্ষম। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমবে, বাড়বে চুলের দৈর্ঘ্যও। দূর হবে মাথার খুশকি এবং সংক্রমণ। এটিকে কন্ডিশনার হিসাবে ব্যবহার করলে চুল থাকবে কোমল।
ওজন কমায়
অ্যালোভেরার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যামিনো অ্যাসিড ও উপকারী কিছু উৎসেচক। নিয়মিত অ্যালোভেরার রস পান করলে আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হবে। মেটাবলিক রেট বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে এই রস। তবে এর স্বাদ তেতো। তাই ব্লেন্ডারে এর শাঁস নিয়ে তার সঙ্গে জল, বরফ, মধু ও লেবুর রস দিয়ে ব্লেন্ড করে প্রতিদিন সকালে তা পান করুন।







