দেশ

পহেলগাঁও হামলার আতঙ্ক ফিরল কাশ্মীরে! পরিচয় জেনে গুলি, কুলগামে নিহত ২ পরিযায়ী শ্রমিক

জম্মু-কাশ্মীরে ফের মাথাচাড়া দিল জঙ্গি সন্ত্রাস। পহেলগাঁও হামলার স্মৃতি উসকে দিয়ে এবার কুলগাম জেলায় পরিচয় যাচাই করে গুলি চালানোর অভিযোগ উঠল জঙ্গিদের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় কেল্লাম গ্রামের একটি ইটভাটায় কর্মরত দুই পরিযায়ী শ্রমিককে খুব কাছ থেকে গুলি করা হয়। হামলায় প্রাণ হারান ছত্তীসগড়ের বাসিন্দা দীপক রাত্রে ও ভূপেন্দ্র কুমার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলাকারীরা প্রথমে শ্রমিকদের পরিচয় জানতে চায়। এরপর তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই গুরুতর জখম হন দু’জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দীপক রাত্রের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান ভূপেন্দ্র কুমারও।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। ঘটনার পরই কুলগাম-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনী ব্যাপক কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন (CASO) শুরু করেছে। হামলাকারীদের খুঁজে বের করতে পুলিশ, সেনা ও আধাসামরিক বাহিনী যৌথভাবে তল্লাশি চালাচ্ছে।

উল্লেখ্য, গত ১০ দিনের মধ্যে কাশ্মীরে এটি দ্বিতীয় টার্গেটেড জঙ্গি হামলা। এর আগে অনন্তনাগে এক পুলিশকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার পর উপত্যকা জুড়ে অভিযান চালিয়ে ৩ হাজারেরও বেশি সন্দেহভাজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তবে এত বড় মাপের ধরপাকড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর মতে, নির্বিচারে গ্রেফতার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এদিকে, অমরনাথ যাত্রা চলাকালীন এই হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তায় আগে থেকেই কাশ্মীরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত ৬৭০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে। তার মধ্যেই এই হামলা নিরাপত্তা ব্যবস্থাকে আরও বড় চ্যালেঞ্জের মুখে ফেলল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.