মুম্বইয়ের কলোনিতে রাস্তায় পড়ে থাকা এক বৃদ্ধাকে উদ্ধার করে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায় । জানা যায়, ওই বৃদ্ধা ত্বকের ক্যানসারে আক্রান্ত এবং মানসিকভাবে অসুস্থ। সবচেয়ে করুণ তথ্য, তাঁকে সেই অবস্থায় রাস্তায় ফেলে রেখে গিয়েছিলেন তাঁরই নাতি।
৬০ বছর বয়সি বৃদ্ধা যশোদা গায়কোয়াড়কে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করে পুলিশ। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান, তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল এবং তিনি ত্বকের ক্যানসারে ভুগছেন। মানসিক সমস্যাও রয়েছে তাঁর। প্রাথমিকভাবে বৃদ্ধা শুধু দু’টি জায়গার নাম জানাতে পারেন, সঠিক ঠিকানা বলতে পারেননি। তবে তাঁর দাবি ছিল, তিনি নাতির সঙ্গেই থাকতেন এবং তিনিই তাঁকে ফেলে রেখে গিয়েছেন। সেই সূত্র ধরে তদন্তে নামে পুলিশ।
তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পান, যশোদাকে নিয়ে তাঁর নাতি ও আরও একজন প্রথমে একটি হাসপাতালে যান, কিন্তু সেখান থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। পরে তাঁরা বাড়ি ফিরে আসেন। এরপর মাঝরাতে বৃদ্ধাকে নিয়ে ফের বাইরে যান নাতি এবং শেষে কলোনির রাস্তার ধারে ফেলে রেখে আসেন তাঁকে।
ঘটনার নেপথ্যে থাকা যুবকের নাম সাগর শেওয়ালে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, ঠাকুমার ক্যানসারের কারণে তাঁর চিকিৎসা করাতে গিয়ে বিপাকে পড়েছিলেন তিনি। হাসপাতালে জায়গা না পেয়ে হতাশ হয়ে এমন পদক্ষেপ নেন। যদিও পুলিশ এখনও সাগরকে গ্রেপ্তার করেনি, তবে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বিষয়টি ঘিরে প্রবল নিন্দা ও ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।







