২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা বোলার ছিলেন মহম্মদ শামি। সাত ম্যাচে তিনি মোট ২৪টি উইকেট নিয়ে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হন। তবে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর মাঠে হাঁটু মুড়ে বসে থাকার কারণে তিনি সমালোচনার মুখে পড়েন।
শামির এই ভঙ্গিমা নিয়ে নেটিজেনদের একাংশ মনে করেন, তিনি নমাজ পড়তে বসেছিলেন। সেই নিয়ে শামিকে নিয়ে নানা মন্তব্য করা হয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শামি। তিনি বলেন, “যাদের কোনও কাজ নেই, তারা এসব নিয়ে বেশি ভাবেন।”
শামি বলেন, “আমার যদি প্রার্থনা করতে মন চায়, কে আমাকে আটকাবে? আমি নমাজ পড়তে চাইলে কারও কি অনুমতি নিতে হবে? সেরকম হলে এই দেশে থাকার চেয়ে অন্য দেশে থাকা ভাল।”
তিনি বলেন, “আমি যেমন একজন ভারতীয় হিসেবে গর্বিত, তেমনি একজন মুসলিম ধর্মাবলম্বি হিসেবেও। তাই এমন মন্তব্য করার আগে অনেকবার ভাবা উচিত।”
শামি আরও জানান, “এর আগেও অনেকবার আমি পাঁচ উইকেট নিয়েছি। কিন্তু কেউ কি দেখেছেন আমি মাঠের মধ্যে নমাজ পড়েছি? সেদিন আসলে তিন উইকেট নেওয়ার পরে ভাবছিলাম কিভাবে আরও উইকেট বাড়ানো যায়। তাই আমি ৫ উইকেট নিয়ে অনেকটা ক্লান্ত হয়েই মাটিতে হাঁটু মুড়ে বসেছিলাম। কিন্তু কিছু মানুষ তার অন্য মানে করল। অথচ আমি দেশের হয়ে খেলার সময় নিজের ২০০ শতাংশ দিয়ে থাকি। আসলে যারা এসব বলে তারা কোনওদিন কারও পক্ষে থাকে না।”
শামির এই প্রতিক্রিয়াকে সাধুবাদ জানাচ্ছেন অনেকে। তারা মনে করছেন, শামি একজন জাত ক্রিকেটার হিসেবে নিজের কর্তব্য পালন করছেন। তার ধর্মীয় বিশ্বাসকে নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না।







