নতুন বছর শুরু হলেও কেউ ভুলতে পারেননি গতবছর আগস্ট মাসে ঘটে যাওয়া অত্যন্ত জঘন্য ঘটনা। যার সাক্ষী করছে গোটা দেশ। আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানালো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। শুক্রবার আলিপুর জেলা আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশনে সিবিআই এই মামলাটিকে ‘বিরলের মধ্যে বিরলতম অপরাধ’ হিসেবে চিহ্নিত করেছেন। সিবিআই-এর দাবি, “অত্যন্ত জঘন্য পদ্ধতিতে একটি নিষ্ঠুর অপরাধ সংগঠিত করা হয়েছে, যা সমাজের নৈতিকতাকে চ্যালেঞ্জ করে। আদালত যেন এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে।”
সঞ্জয় রায় বর্তমানে বিচারাধীনে বন্দি। সিবিআই এই মামলার তদন্তের শুরু থেকেই কঠোর ব্যবস্থা নিয়েছে এবং সব ধরনের প্রমাণ আদালতে পেশ করেছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৩৭৬ (ধর্ষণ), ৩০২ (খুন), এবং ৪৪৯ (অবৈধ প্রবেশ)।
সিবিআই-এর আইনজীবীরা আদালতে বলেন, “এই অপরাধ শুধুমাত্র একটি প্রাণ কেড়ে নেয়নি, বরং চিকিৎসা পেশার প্রতি সাধারণ মানুষের বিশ্বাসেও আঘাত করেছে। অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান করে সমাজে বার্তা দেওয়া প্রয়োজন যে এমন অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
এই মামলাটি শুধুমাত্র রাজ্য নয়, গোটা দেশের নজর কেড়েছে। সমাজের বিভিন্ন স্তর থেকে সিবিআই-এর এই পদক্ষেপের প্রশংসা করা হয়েছে। আদালত আগামী সপ্তাহে রায় ঘোষণা করবে বলে জানা গেছে।







