আইপিএলে আর খেলা হচ্ছে না বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই সিদ্ধান্তের পালটা প্রতিক্রিয়ায় ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না আসার কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে প্রশ্ন উঠছে—ক্রিকেটের পর কি দেশের মাটিতে অন্য খেলাতেও নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশি ক্রীড়াবিদরা?
এই জল্পনার মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব। বর্তমানে তিনি ভারতের পেশাদার গলফ ট্যুর সংস্থা পিজিটিআই (PGTI)-এর সভাপতি। সামনে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে তিন বাংলাদেশি গলফার—জামাল হোসেন, মহম্মদ সিদ্দিকুর রহমান ও মহম্মদ আকবর হোসেনের। তাঁদের অংশগ্রহণ নিয়েও কি কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে? কপিল দেবের স্পষ্ট বক্তব্য, “আমরা সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করব। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ, ধর্মের নামে হিংসা এবং মৌলবাদী আগ্রাসনের ঘটনায় দুই দেশের ক্রীড়া সম্পর্কেও তার প্রভাব পড়েছে। ওপার বাংলায় হিন্দু নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে ভারত। এই আবহেই ভারতীয় ক্রিকেট মহলে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলানো নিয়ে প্রবল আপত্তি ওঠে। যদিও কেকেআর তাঁকে দলে নিয়েছিল রেকর্ড ৯.২ কোটি টাকায়, শেষ পর্যন্ত বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় নাইট শিবির।
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিসিবি ইতিমধ্যেই আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে, তারা ভারতে খেলতে আগ্রহী নয়। সূত্রের খবর, প্রথমে বোর্ড কর্তারা ভেন্যু বদলের দাবিতে রাজি ছিলেন না। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপে পরিস্থিতি বদলায়। বোর্ডের উপর চাপ সৃষ্টি করা হয় বিশ্বকাপের ম্যাচগুলি ভারত থেকে সরানোর দাবি জানাতে। শেষ পর্যন্ত সেই চাপের কাছেই নতি স্বীকার করতে হয় বিসিবিকে।
সব মিলিয়ে ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে ক্রীড়াক্ষেত্রে ভারত–বাংলাদেশ সম্পর্ক কোন দিকে গড়ায়, তা এখন সময়ই বলবে। তবে আপাতত ক্রীড়া ও রাজনীতির টানাপোড়েনে অনিশ্চয়তার মেঘ ঘনাচ্ছে উপমহাদেশের ক্রীড়া আকাশে।







