আরজি কর কাণ্ডে নাম জড়ানো এক পুলিশ আধিকারিককে ঘিরে নতুন করে বিতর্ক ছড়াল রাজ্যে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে মানিকতলা থানার ওসি হিসেবে বদলির নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সেই সিদ্ধান্ত জারির কিছুক্ষণের মধ্যেই ইউ-টার্ন নেয় কমিশন।
কমিশনের তরফে জানানো হয়, “অনিচ্ছাকৃত ভুলের” কারণে অভিজিৎ মণ্ডলের নাম বদলির তালিকায় ঢুকে পড়েছিল। ফলে আপাতত তিনি পর্ণশ্রী থানার দায়িত্বেই বহাল থাকছেন। এই ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে—তালিকা তৈরিতে এমন ভুল কীভাবে হল?
উল্লেখযোগ্যভাবে, আরজি কর কাণ্ডের সময় টালা থানার দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল। সেই ঘটনায় তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। যদিও পরে জামিন পেয়ে আবার দায়িত্বে ফেরেন তিনি। ফলে তাঁর নতুন পোস্টিং ঘিরে বিতর্ক তৈরি হওয়াটা স্বাভাবিক বলেই মনে করছে একাংশ।
অন্যদিকে, রাজ্যজুড়ে বড়সড় রদবদলের অংশ হিসেবে মোট ১৭৩টি থানার ওসি বদল করেছে নির্বাচন কমিশন। গুরুত্বপূর্ণ কয়েকটি থানায় দায়িত্ব দেওয়া হয়েছে নতুন মুখদের। ভবানীপুরে দায়িত্ব পেয়েছেন সৌমিত্র বসু, নন্দীগ্রামে শুভব্রত নাথ। গিরিশ পার্ক, হাঁসখালি, কালীঘাট, জোড়াসাঁকো ও ভাঙড়—একাধিক স্পর্শকাতর থানাতেও হয়েছে পরিবর্তন।
শুধু থানার ওসি নয়, জেলা গোয়েন্দা শাখার ১১ জন আধিকারিক এবং রাজ্যের ১৮টি জেলার ৮৩টি ব্লকের বিডিও ও সহকারী রিটার্নিং অফিসারদেরও বদলির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি বদল নজরে এসেছে।
নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল নতুন কিছু নয়। তবে অভিজিৎ মণ্ডলকে ঘিরে এই “ভুল” নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে—এ কি নিছক ভুল, না কি এর পেছনে রয়েছে অন্য কোনও চাপ বা তাড়াহুড়োর সিদ্ধান্ত?







