মঙ্গলবার মালদহে শুরু হলো ক্রেতা সুরক্ষা মেলা। সেই উপলক্ষে মালদা কলেজ মাঠ থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের করা হয়। সেই শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, পাশাপাশি মালদার ঐতিহ্য গম্ভীরা ও মুখোশশিল্পীদের নৃত্য এই শোভাযাত্রায় অংশ নেয়।
মঙ্গল দ্বীপ জ্বেলে মেলার উদ্বোধন করেন রাজ্যের পাঁচ মন্ত্রীসহ বিশিষ্টরা। মালদহের স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে এই মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। স্বাগত ভাষণ দেন মূল উদ্বোধক ও রাজ্যের উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। তিনি জানান, ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা বিষয়ক দপ্তরের কাজকর্ম সম্পর্কে সকলকে অবহিত করা, একইসঙ্গে ক্রেতাদের অধিকার সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যেই এই মেলার আয়োজন।
মন্ত্রী জানান, ক্রেতা সুরক্ষার দপ্তর আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের প্রতিটি জেলায় ক্রেতাদের অধিকার সুরক্ষিত করার চেষ্টা করছে। এই উদ্দেশ্যেই এমন মেলার আয়োজন। মন্ত্রী দাবি করেন, সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে মুখ্যমন্ত্রী এই দপ্তরের গুরুত্ব উপলব্ধি করে পৃথক ক্রেতা সুরক্ষার দপ্তর গঠন করে দায়িত্ব অর্পণ করেছেন। কলকাতা থেকে বিভিন্ন জেলা এবং গ্রামাঞ্চলের সাধারণ মানুষের কাছেও অধিকার সম্পর্কে ধারণা পৌঁছে দেওয়ার জন্য দপ্তর কাজ করে চলছে। অন্যান্য রাজ্যে খাদ্য দপ্তরের সঙ্গে এই দপ্তরের কাজকর্ম যুক্ত। কিন্তু, পশ্চিমবঙ্গে পৃথকভাবে এই দপ্তর মানুষের জন্য কাজ করছে।







