আগামীকাল রবিবার কুয়ালালামপুরের বায়ুমিয়াস ওভালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই অপরাজিত দল—ভারত ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণেই নিজেদের শ্রেষ্ঠত্বের ছাপ স্পষ্ট করেছে শক্তিশালী ভারতীয় দল, যাদের নেতৃত্বে রয়েছেন নিকি প্রসাদ। অভিজ্ঞ শফালি ভার্মার দুই আন্তর্জাতিক ক্রিকেটার সম্বলিত ভারতীয় শিবিরে রয়েছে ব্যাট-বলের নিখুঁত সমন্বয় ও ফিল্ডিংয়ে দুর্দান্ত ধারাবাহিকতা।
ভারতের ব্যাটিং ভরসা জি তৃষা, যিনি ২৬৫ রান করে এখনো পর্যন্ত সর্বাধিক রান সংগ্রাহক। তার ১৪৯.৭১ স্ট্রাইক রেটই প্রমাণ করে তার বিধ্বংসী ফর্ম। পাশাপাশি, বাম-হাতি স্পিন ত্রয়ী—আয়ুশী শুক্লা, পারুনিকা সিসোদিয়া ও বৈষ্ণবী শর্মা—যারা যৌথভাবে ৩৫টি উইকেট শিকার করে প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ক্যাপ্টেন কায়লা রেইনেকের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এবার চায় বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠা এই দলটির প্রধান অস্ত্র স্পিন আক্রমণ ও জেমা বোথার বিধ্বংসী ব্যাটিং।
পিচে থাকবে স্পিনের দাপট, তবে রানও আসবে বেশ। আবহাওয়া থাকবে পরিষ্কার। দুই দলের শক্তির লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, সেটাই দেখার অপেক্ষা।







