বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছেন ফুটবলপ্রেমীরা। পরদিন অফিস থাকলেও রাত জেগে খেলা দেখার উৎসাহে কোনও ভাটা নেই। আমেরিকার কানসাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিক ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন সমর্থকরা। সেই আবহেই ফের আলোচনায় উঠে এসেছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নাম। মেসির গোলের প্রসঙ্গ টেনে তাঁকে কটাক্ষ করেছেন বিরোধী শিবিরের একাধিক নেতা।
বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ ব্যঙ্গের সুরে বলেন, “মেসি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, ওঁর মাসতুতো ভাইকে। তুই এত কাতুকুতু দিয়েছিলি বলেই আমি তিনটে গোল দিতে পারলাম। হ্যাটট্রিক করতে পারলাম।” এরপর তিনি দাবি করেন, “বাংলার সাধারণ মানুষ, বিশেষ করে যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং ফুটবল ভালোবাসেন, তাঁদের অনেকেই চান অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হোক।” একইসঙ্গে শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষও আক্রমণ শানিয়ে বলেন, “মেসির মতো মানুষ কৃতিত্বের হ্যাটট্রিক করেন, আর অরূপ বিশ্বাসের মতো ব্যক্তিরা করেন অপরাধের হ্যাটট্রিক।”
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাস থেকে তথাকথিত ‘মেসি-কাণ্ড’ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক চলছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, মেসির সফর উপলক্ষে ছাপানো প্রায় ৭০ হাজার টিকিটের মধ্যে ২২ হাজার টিকিট অরূপ বিশ্বাস নিজের নিয়ন্ত্রণে নিয়ে অন্যত্র বিক্রি করেছিলেন। পাশাপাশি, মেসির নিরাপত্তা সংক্রান্ত নির্ধারিত প্রোটোকলও তিনি মানতে চাননি বলেও অভিযোগ ওঠে।
এই অভিযোগের তদন্তে অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার নোটিস পাঠায় পুলিশ। তিনবার তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে যান বলে অভিযোগ। যদিও পরে এই মামলায় কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী সুরক্ষা পান তিনি।
হাইকোর্ট জানিয়েছে, আগামী ১৭ অগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে। তা সত্ত্বেও তৃতীয়বারের তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় হাজির হন অরূপ বিশ্বাস। সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ থানায় পৌঁছন তিনি। সেখানে টানা প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের স্বার্থে আগামী ২২ জুন আবারও তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।







