খেলাধুলা

অধিনায়ক গিল কেবল মুখপাত্র! গম্ভীরের ছায়ায় নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব

ভারতীয় টেস্ট দলের নেতৃত্বে শুভমন গিল। কিন্তু আসল সিদ্ধান্ত কে নিচ্ছেন—গিল না গম্ভীর? মাঠের পারফরম্যান্স, দলগঠন ও খেলোয়াড়দের মানসিকতায় এই প্রশ্ন ক্রমেই জোরাল হচ্ছে। সদ্য ম্যাঞ্চেস্টার টেস্ট চলাকালীন এক টিভি আলোচনায় সুনীল গাওস্কর, নাসের হুসেন ও মাইকেল ভন এই নেতৃত্ব-সংকট ঘিরে প্রকাশ্যে মুখ খোলায় বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।

গাওস্করের স্পষ্ট মত, মাঠে অধিনায়কই শেষ কথা। কোচের পরামর্শ থাকবেই, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে অধিনায়কের হাতে। গম্ভীরের আগ্রাসী কোচিং স্টাইল ও গিলের শান্ত স্বভাবের মধ্যে ফারাকই এখন আলোচনার কেন্দ্রে। গম্ভীরের প্রভাব এতটাই যে, খেলোয়াড় নির্বাচনে গিলের মতামত আদৌ গুরুত্ব পাচ্ছে কি না, তা নিয়েও সন্দেহ।

ভন ও হুসেন আরও সরাসরি। তাঁরা মনে করছেন, শুভমনের বয়স কম। তাই গম্ভীরের মতো তীক্ষ্ণ ব্যক্তিত্বের সামনে নিজের জায়গা প্রতিষ্ঠা করতে সময় লাগবে। দল নির্বাচন, ব্যাটিং অর্ডার এমনকি কুলদীপ বা প্রসিদ্ধের মতো খেলোয়াড়দের ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। দলের রক্ষণাত্মক ভাবনা, আগ্রাসনের অভাবও চোখে পড়ছে।

চলতি সিরিজ়ে ভারতের হতশ্রী পারফরম্যান্স, খেলোয়াড়দের আত্মবিশ্বাসের ঘাটতি এবং সাজঘরের পরিবেশ সব মিলিয়ে ইঙ্গিত দিচ্ছে—টেস্টে গম্ভীর যুগ শুরু হলেও অধিনায়কের জায়গা নিশ্চিত নয়। সিরিজ় হারের পর গম্ভীরের ‘কোচিং স্টাইল’ নিয়েই যে চর্চা আরও বাড়বে, তা প্রায় নিশ্চিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.