লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্তার ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী পল্লব কীর্তনিয়া। সেই প্রতিবাদের রেশ কাটতে না কাটতেই এবার বিতর্কে জড়াল ভাতারের একটি বইমেলা। অভিযোগ, লগ্নজিতার পাশে দাঁড়ানোর কারণেই শেষ মুহূর্তে পল্লব কীর্তনিয়ার গানের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিষয়টিকে ‘শিল্পীর কণ্ঠরোধ’ বলে দাবি করেছেন পল্লব নিজেই।
সোমবার নিজের ফেসবুক পেজে একটি বিস্ফোরক পোস্ট করেন পল্লব কীর্তনিয়া। সেখানে তিনি জানান, ভাতারের একটি বইমেলায় শিল্পী হিসেবে তাঁকে আগেই নির্বাচন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর ঠিক আগে হঠাৎ করেই জানানো হয়, তাঁর গান আর হবে না। এই সিদ্ধান্তে তিনি গভীরভাবে আহত বলেও পোস্টে উল্লেখ করেন শিল্পী। সামাজিক মাধ্যমে সেই পোস্ট ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক।
উল্লেখ্য, ভাতারের মাধব পাবলিক হাইস্কুল মাঠে বুধবার থেকে শুরু হচ্ছে সাতদিনব্যাপী বইমেলা। পল্লবের অভিযোগ সামনে আসতেই মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডাকে বইমেলা ও উৎসব কমিটি। সেখানে কমিটির যুগ্ম সম্পাদক মধুসূদন কোঁয়ার দাবি করেন, “পল্লব কীর্তনিয়াকে আনার জন্য কথা হয়েছিল ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে আর্থিক সমস্যার কারণে তা সম্ভব হয়নি। এজন্য আমরা দুঃখিত।” যদিও এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন পল্লব কিংবা তাঁর সমর্থকেরা।
প্রসঙ্গত, সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি অনুষ্ঠানে গায়িকা লগ্নজিতা চক্রবর্তী হেনস্তার শিকার হন বলে অভিযোগ ওঠে। ‘জাগো মা’ গান গাওয়ার সময় স্কুলের মালিক মেহবুব মালিক আপত্তি জানান এবং মঞ্চে উঠে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ। সেই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন পল্লব কীর্তনিয়া।
এবার তাঁর শো বাতিল হওয়ায় প্রশ্ন উঠছে—প্রতিবাদের মূল্য কি এভাবেই দিতে হচ্ছে শিল্পীদের? এই ঘটনায় সংস্কৃতি মহলে নতুন করে বাকস্বাধীনতা ও শিল্পীর নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।







