বর্ষার বিদায়ের ঘণ্টা বেজে গেলেও রাজ্যবাসী এখনই বৃষ্টির হাত থেকে মুক্তি পাচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও দক্ষিণবঙ্গের চার জেলায় — পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও উত্তর ২৪ পরগনায়— বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। এই কারণে জারি করা হয়েছে হলুদ সতর্কতা ।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উপকূলবর্তী অঞ্চল—বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও মেদিনীপুরে—বৃষ্টির প্রভাব আরও বেশি দেখা যেতে পারে।
অন্যদিকে, ওড়িশার উত্তর ভাগে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, ফলে বাংলার আবহাওয়ার উপর দ্বিগুণ প্রভাব পড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার ও রবিবার কলকাতায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বজ্রপাতও হতে পারে।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬°C এবং সর্বনিম্ন ২৪.৩°C। আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশে পৌঁছেছে, ফলে বাড়বে অস্বস্তি ও ঘাম।
উত্তরবঙ্গেও বৃষ্টির ইঙ্গিত:
দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতেও জারি রয়েছে হলুদ সতর্কতা।
তবে আশার খবর, ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্য থেকেও বর্ষা বিদায়ের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।







