কলকাতা

লেনিন সরণির নাম বদলের প্রস্তাব! দেবপ্রসাদ ঘোষের নামে করার ভাবনা তথাগতের

রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানের নাম পরিবর্তনের উদ্যোগ শুরু হয়েছে। ইতিমধ্যেই সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে হয়েছে গোপাল মুখার্জি রোড। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে লেনিন সরণিও। আগেই নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন কার্তিক মহারাজ। এবার বিজেপি নেতা তথাগত রায় জানালেন, খুব শীঘ্রই লেনিন সরণির নাম বদলের প্রস্তাব দেওয়া হবে।

তথাগত রায়ের প্রস্তাব, লেনিন সরণির নাম পরিবর্তন করে ভারতীয় জনসংঘের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি দেবপ্রসাদ ঘোষের নামে করা হোক। উল্লেখ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর ভারতীয় জনসংঘের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলেছিলেন দেবপ্রসাদ ঘোষ। শুধু লেনিন সরণি নয়, কলকাতার আরও কয়েকটি রাস্তার নাম পরিবর্তনের বিষয়েও আলোচনা চলছে।

সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন নিয়ে বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কলকাতার রাস্তায় মুঘল, পাঠান কিংবা অত্যাচারী ব্রিটিশদের নামে কোনও নাম রাখা হবে না। ভগিনী নিবেদিতা ছাড়া অন্য কোনও বিদেশির নামও থাকবে না বলে স্পষ্ট করেন তিনি। একইসঙ্গে এপিজে আব্দুল কালামের মতো কোনও প্রকৃত দেশভক্তের নামের প্রস্তাব এলে রাজ্য সরকার তা মর্যাদার সঙ্গে বিবেচনা করবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এরপর কলকাতার বিভিন্ন রাস্তা, সেতু ও অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন কিংবা নতুন নামকরণের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে কার্তিক মহারাজকে। কমিটির অন্যতম সদস্য বিজেপি নেতা তথাগত রায়।

তথাগত রায় জানিয়েছেন, লেনিন সরণির পাশাপাশি আরও কয়েকটি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব কমিটির কাছে দেওয়া হবে। তাঁর ভাবনায়, লেনিন সরণির নতুন নাম হতে পারে ‘দেবপ্রসাদ ঘোষ সরণি’। কার্ল মার্কস সরণির নাম বদলে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অথবা মাইকেল মধুসূদন দত্তের নামে করার প্রস্তাবও উঠতে পারে। অন্যদিকে, হো-চি-মিন সরণির নাম পরিবর্তন করে মার্টিন লুথার কিংয়ের নামে করার ভাবনা রয়েছে।

বিজেপি নেতা জানান, রাস্তার নাম পরিবর্তন নিয়ে প্রাথমিকভাবে কার্তিক মহারাজের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হবে। কমিটির অনুমোদন মিললেই পরবর্তী পদক্ষেপ করা হবে। এছাড়াও কলকাতার কোনও একটি গুরুত্বপূর্ণ জনপথ—স্ট্র্যান্ড রোড অথবা মেয়ো রোড—এর নাম পরিবর্তন করে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে করার বিষয়েও চিন্তাভাবনা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.