খেলাধুলা

ঘরের মাঠে সঞ্জুদের হারিয়ে জয়ের ধারা বজায় রাখতে চাইছে গুজরাট টাইটান্স

বুধবার আইপিএল মঞ্চে ফের একবার মুখোমুখি গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। দুই দলই আত্মবিশ্বাসের তুঙ্গে। টানা জয়ে গতি পেয়েছে টাইটান্স, অন্যদিকে রাজস্থানের মাঝের সারির ব্যাটাররা শেষ ম্যাচে প্রমাণ করেছেন, প্রথম সারির ব্যর্থতা সামলানোর মতো সামর্থ্য রয়েছে তাঁদের মধ্যেও। এমন এক ম্যাচ যেখানে জয়ের ছন্দ ধরে রাখার লড়াইতে নামবে দুই দল, সেখানে নজর থাকবে ব্যাটিং অর্ডারের ভারসাম্য ও বোলারদের কার্যকারিতার দিকে।

গুজরাটের ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ শুবমান গিল, সাই সুদর্শন ও জস বাটলার—যাঁরা মোট রানের ৭০ শতাংশের বেশি অবদান রেখেছেন। কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে বিপদ। মাঝের সারির ব্যাটারদের প্রায় কোনও ম্যাচ টাইমই মেলেনি। পরিস্থিতি বিপর্যস্ত হলে সেই চাপ সামলানোর মতো প্রস্তুতি কতটা আছে—তা নিয়েই প্রশ্ন। তবে শেরফানে রাদারফোর্ড যেন হয়ে উঠছেন নতুন ভরসা। নিচের দিকে ব্যাট করে অতীতে আলোচনায় না থাকলেও গুজরাটের হয়ে উপরের দিকে ব্যাট করে নজর কেড়েছেন তিনি।

অন্যদিকে রাজস্থান রয়্যালস ইতিমধ্যে মাঝের সারির ব্যাটসম্যানদের প্রস্তুতি সেরে নিয়েছে। যশস্বী জয়সওয়ালের খারাপ ফর্ম ও সঞ্জু স্যামসনের চোট থেকে ফেরা রাজস্থানকে মাঝের সারির ব্যাটারদের উপর নির্ভর করতে বাধ্য করেছে। নীতিশ রানা ও দলের অন্য ব্যাটাররা চেন্নাইয়ের বিরুদ্ধে সেটাই প্রমাণ করে দিয়েছেন। বোলিংয়ে জোফরা আর্চার ছন্দে ফিরেছেন বলেই মনে হচ্ছে। ১৫০ কিমির কাছাকাছি গতিতে বল করছেন, স্টাম্প ছিটকে দিচ্ছেন। তবে গুজরাট শিবিরের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাশিদ খানের বোলিং ফর্ম। এবারের আইপিএলে বল হাতে নিজের চেনা ছন্দে নেই রাশিদ।

ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে, যেখানে ব্যাটাররা পছন্দ করেন খেলতে। যদিও পিচ অনুযায়ী চরিত্র বদলায়—কালো মাটির পিচ ধীরগতির, লাল মাটির পিচে গতি ও বাউন্স বেশি। তবে গড়ে এই মাঠে রান উঠেছে প্রতি ওভারে ৯.৭৬ করে। যা এবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ। সবমিলিয়ে হাইস্কোরিং থ্রিলারের আভাস দিচ্ছে এই ম্যাচ, যেখানে একদিকে টাইটানদের নির্ভরযোগ্য টপ অর্ডার, অন্যদিকে রাজস্থানের ‘ব্যাটল-রেডি’ মিডল অর্ডারের সংঘর্ষ রোমাঞ্চের পারদ ছড়াচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.