কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে ফের একবার দিনের আলোয় নারী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল। শ্রীরামপুরা রেললাইনের কাছে ২১ বছর বয়সী বি.ফার্মের ছাত্রী যামিনী প্রিয়াকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। হোসাকেরেহল্লি এলাকার একটি কলেজের এই ছাত্রী দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথেই এই হামলার শিকার হন। দুপুর আড়াইটা নাগাদ মন্ত্রি মলের কাছে যখন যামিনী হেঁটে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎই এক যুবক পিছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক অনুমান এবং ডেপুটি কমিশনার অফ পুলিস (উত্তর) সিদ্দু নেমা গৌড়ার বক্তব্য অনুযায়ী, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণেই এই নৃশংস হামলা হয়েছে। পুলিশ মনে করছে, অভিযুক্ত ২৩ বছর বয়সী ভিগনেশ তরুণীর বারবার প্রস্তাব প্রত্যাখ্যান সহ্য করতে না পেরেই এই অপরাধ করেছে। পুলিশ সূত্রে খবর, হামলাকারী প্রথমে যামিনীর চোখে কোনো রাসায়নিক ছুড়ে মারে এবং তারপর ধারালো অস্ত্র দিয়ে তাঁর ঘাড় ও মুখ কেটে দেয়। শ্রী রামপুরা থানায় খুনের অভিযোগ (ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ১০৩ ধারায়) মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। সিনিয়র পুলিশ অফিসাররা জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে একাধিক দল কাজ করছে। তারা আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে, কারণ নিহত এবং অভিযুক্ত উভয়ই একই এলাকার বাসিন্দা। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে আশা করছে পুলিশ।







