বিমানবালার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ধর্ষণের অভিযোগ উঠল এক পাইলটের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা সামনে এসেছে মুম্বই থেকে। অভিযোগকারী ২৩ বছরের এক তরুণী, যিনি পেশায় একজন বিমানসেবিকা। তাঁর অভিযোগ, গত সপ্তাহে একটি লন্ডনগামী ফ্লাইটে ‘ডিউটি’ ছিল তাঁদের। সেখান থেকেই ফেরার পর, ওই ফ্লাইটের পাইলট তাঁকে নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
জানা গিয়েছে, মুম্বইয়ের নবঘর থানায় রবিবার অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর দাবি, ফ্লাইট শেষে দু’জনে একসঙ্গে মীরা রোড এলাকায় ফেরেন। অভিযুক্ত পাইলট নিজে থেকেই তাঁকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানান। প্রথমে কিছু সন্দেহ না হলেও, বাড়িতে ঢুকে তিনি দেখেন, সেখানে কেউ নেই। এরপর তাঁর অস্বস্তি বাড়ে। প্রশ্ন করলে পাইলট নানা গল্প তৈরি করেন। শেষে এক ঘরে নিয়ে গিয়ে তাঁকে জোর করে শারীরিকভাবে নিগৃহীত করেন।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পাইলট বর্তমানে পলাতক। তাঁর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। নবঘর থানার তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও প্রতারণার ধারায় মামলা রুজু হয়েছে এবং বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনায় বিমান সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে এর আগেও কোনও অভিযোগ ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।







