অফবিটজেলা

ঐতিহ্যবাহী গাজন উৎসবে মেতে উঠল মুর্শিদাবাদের কান্দি শহরবাসী

মুর্শিদাবাদ ,কান্দিঃ বারো মাসে তেরো পার্বণের বাংলায় বর্ষশেষের উৎসব গাজন। শুধু ধর্মীয় গুরুত্বে নয় বাংলার সুপ্রাচীন লোকসংস্কৃতির ক্ষেত্রেও গাজন অত্যন্ত ঐতিহ্যবাহী উৎসব। বাংলা ক্যালেন্ডারের শেষ মাস চৈত্রের সংক্রান্তিতে পালিত হয় গাজন। মুর্শিদাবাদের কান্দি শহরে প্রায় ৭০০ বছরের প্রাচীন রুদ্রদেব শিবের মন্দিরের এই গাজন উৎসব সবদিক থেকেই অনন্য। সংক্রান্তির আগের দিন থেকেই গাজন উৎসবে সামিল হন বহু ভক্ত । সারা চৈত্র মাস ধরে সং সেজে নাচ গান করার পর সংক্রান্তিতে গাজন উৎসব পালন করে থাকেন শিব ভক্তরা। কান্দি রুদ্রদেব মন্দিরেও চিরাচরিত প্রথা অনুযায়ী মরার মাথা নিয়ে নাচ করেন ভক্তরা।

৭০০ বছরের প্রাচীন এই উৎসবে কোথাও যেন মিলে মিশে এক হয়ে গেছে হিন্দু যুগ আর বৌদ্ধ যুগের উৎসব রীতি। প্রায় পাঁচ হাজারের বেশি ভক্ত এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। রীতি মেনে মন্দির থেকে রুদ্রদেব কে একদিনের জন্য পালকি তে করে কান্দি শহর পরিক্রমা করানো হয় ও তারপরে হোমতলায় নিয়ে গিয়ে রাখা হয়।

কথিত আছে, কান্দির রুদ্রদেব অক্ষোভ্য বুদ্ধ। বজ্রযানে ও সহজযানে অক্ষোভ্যকুলের গুরুত্ব অপরিসীম। অক্ষোভ্যকুলের দেবদেবীগণ ঘন নীলবর্ণ; প্রজ্ঞার মূর্ত প্রতীক। একজটা, পর্ণশবরী, হেবজ্র, আর্যজাঙ্গুলি, মহাচীনতারা, যমান্তক, মহাকাল, চর্চিকা, নৈরাত্মার উপাসনার পথে; উড্ডিয়ানের সাধকদের বিশিষ্ট সাধনক্রমের মাধ্যমে এই কুলেই ভয়ঙ্করী ভয়হরা আদিমাতৃকার আদি সাধনার ধারাটি পুনরায় আত্মপ্রকাশ করেছিল পাল-সেনযুগে। কালীর বর্তমান রূপের উত্থানও এই কুলের সাথে সংযুক্ত। গাজনের জাগরণ রাত্রি থেকে কেউ লাউসেনপাতা, কেউ রুদ্রদেবপাতা, কেউ কালিকাপাতা। এখানে পাতা অর্থে পালনকর্তা। মনে রাখতে হবে পা শব্দটি সহজযানে চুরাশি মহাসিদ্ধের নামের সাথে সংযুক্ত ছিল। লুইপা, কুক্কুরীপা, সরহপা, কাহ্নুপা থেকে শুরু করে নারোপা, বিরূপা, ঢেন্ঢণপা পর্যন্ত এই রীতিই দেখা যায়।

পাতা শব্দটি কি সেই নামকরণের রীতির সাথেই যুক্ত। দেবী বজ্রযোগিনীর মহাপীঠে অগণিত সহজযানীর সমাবেশ ঘটেছে। তাঁরা নিজেদের পরিচয় দিচ্ছেন। কেউ দারিকপা শিষ্য। কেউ শবরীপার সহচর। কেউ অজোকাপার সাথে এসেছেন। কেউ ভুসুকুপার সাথে।রুদ্রদেবের গাজনে ভক্তদের এই নামকরণও বোধহয় সেভাবেই হয়েছে। তন্ত্রের এক একটি ধারার ঐতিহ্য সঙ্গে নিয়ে। এখানে কোনো দল আসেন ঘোর লালরঙে নিজেদের আপাদমস্তক রাঙিয়ে। কেউ আসেন কালোরঙ মেখে। লাল কালো এই দুই রঙ উপমহাদেশে মাতৃসাধনার সাথে বহুকাল ধরেই নিবিড়ভাবে সংযুক্ত। আবার সাদা, লাল, কালো, হলুদ ও সবুজ এই পাঁচ রঙ বজ্রযান ও সহজযানে পঞ্চ কুলের বর্ণও বটে। ভক্তরা এই রঙের পাশাপাশি নিজেদের সাজান সাদা ফুলের মালায়। আর পরিধান করেন নরকরোটির মালা। গাজন উৎসব উপলক্ষে মুল আকর্ষণ থাকে মরা মৃত মরার মাথা কঙ্কালের নাচ। মন্দির প্রাঙ্গনে কঙ্কালের দেহাবশেষ নিয়ে শুরু হয় শ্মশান বোলান। ৭০০ বছরের পুরোনো এই উৎসব বাংলার লোকসংস্কৃতিতে এক অসম্ভব গুরুত্বপূর্ণ উৎসব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.