পুরীর রথযাত্রা ও জগন্নাথ মন্দিরের মধ্যে রয়েছে বহু রহস্য। এমনও একটি বিশ্বাস রয়েছে যে, পুরীর জগন্নাথ রথের দড়ি টানলে ১০০টি যজ্ঞের সমান পুণ্য অর্জিত হয়। এছাড়া, পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে একাধিক অদ্ভুত কাহিনী প্রচলিত রয়েছে, যার কোনও সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না।
বিশেষ করে, এটি বিশ্বাস করা হয় যে, বিয়ের পর যদি দম্পতিরা মন্দিরে গিয়ে জগন্নাথের দর্শন করেন, তাহলে তাঁদের বৈবাহিক জীবন সুখী ও শান্তিপূর্ণ হয়। কিন্তু, অবিবাহিত যুগলদের জন্য পুরী যাত্রা হতে পারে বিপরীত। এমনকি, একাধিক কারণে মন্দিরে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়।
জগন্নাথ মন্দিরের এমনই একটি রহস্য হল অবিবাহিত দম্পতিদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা। এর পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনি, যা রাধারানীর অভিশাপের সঙ্গে জড়িত। মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে বোন সুভদ্রা এবং ভাই বলভদ্রের সঙ্গে বিরাজমান। কিন্তু এখানে রাধারানী তাঁর সঙ্গে নেই। এর কারণ হিসেবে একটি পৌরাণিক কাহিনি প্রচলিত আছে যেখানে বলা হয়েছে, একবার রাধারানী জগন্নাথ পুরী মন্দিরে এসে শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপ দর্শনের ইচ্ছা প্রকাশ করেন। যখনই রাধারানী মন্দিরে প্রবেশ করতে যান, মন্দিরের পুরোহিত তাকে আটকে দেন। রাধারানী কারণ জানতে চাইলে পুরোহিত বলেন যে দেবী আপনি শ্রীকৃষ্ণের প্রেমিকা, বিবাহিতা নন। যখন শ্রীকৃষ্ণের স্ত্রীদের মন্দিরে প্রবেশাধিকার নেই, তখন আপনি কীভাবে প্রবেশ করতে পারেন? এতে রাধারানী অত্যন্ত ক্রোধান্বিত হন এবং জগন্নাথ মন্দিরকে এই অভিশাপ দেন যে,এখন থেকে কোনো অবিবাহিত দম্পতি এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। যদি কোনো অবিবাহিত দম্পতি জগন্নাথ মন্দিরে প্রবেশের চেষ্টা করে, তবে তারা জীবনে তাদের প্রেম প্রাপ্ত হবে না। কথিত আছে, তখন থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে অবিবাহিত দম্পতিদের প্রবেশ নিষিদ্ধ।







