এশিয়ার বিভিন্ন শহরে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস। হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ডের পাশাপাশি চিনেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। হংকং-এর সেন্টার ফর হেলথ প্রোটেকশনের আধিকারিক অ্যালবার্ট আউ জানিয়েছেন, শহরে ভাইরাসের সক্রিয়তা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি সেখানে করোনা পজিটিভ নমুনার সংখ্যা এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মৃত্যুহারও বাড়ছে। স্থানীয় জনপ্রিয় গায়ক ইয়াসন চ্যান করোনা আক্রান্ত হয়ে কনসার্ট বাতিল করেছেন, যা পরিস্থিতির ভয়াবহতাই নির্দেশ করে।
সিঙ্গাপুরের চিত্রও উদ্বেগজনক। চলতি মাসেই দেশটির স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ২৮%। আক্রান্তের সংখ্যা প্রায় ১৪,২০০। হাসপাতালে ভর্তির হার বেড়েছে ৩০%। সরকার ইতিমধ্যেই উচ্চ ঝুঁকিতে থাকা নাগরিকদের টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও নতুন ভাইরাস স্ট্রেনের উপস্থিতির কথা সরকারি ভাবে স্বীকার করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, আগের টিকায় গঠিত প্রতিরোধক্ষমতা কমে যাওয়ায় ভাইরাস সহজে ছড়াচ্ছে।
থাইল্যান্ডেও সম্প্রতি দুটি কোভিড ক্লাস্টারের খবর মিলেছে। এপ্রিলের উৎসব শেষে সংক্রমণ বেড়েছে। চিনের সিডিসি জানিয়েছে, গত পাঁচ সপ্তাহে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে কোভিড পজিটিভিটি দ্বিগুণ হয়েছে।
ভারতের সঙ্গে এই দেশগুলোর যাতায়াত অনেক, ফলে সংক্রমণের আশঙ্কা এখানে থেকেও যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত কেন্দ্র বা রাজ্য সরকার কোনও নির্দেশিকা জারি করেনি। চিকিৎসক মহলে এবিষয়ে মতবিরোধ রয়েছে। তবে পরিস্থিতি যে পর্যবেক্ষণে রাখা দরকার, সে বিষয়ে সবাই একমত।







