উত্তরবঙ্গ সমবায় নির্বাচনে ঘাসফুলের একচ্ছত্র জয়, ভাটিয়াপাড়ায় সব আসনে তৃণমূল। উত্তরবঙ্গের সমবায় নির্বাচনে আবারও প্রভাব বিস্তার করল তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ির ভাটিয়াপাড়া অঞ্চলের সমবায় সমিতিতে মোট ৬টি আসনের সবকটিতেই প্রার্থী দিয়েছিল তৃণমূল, এবং একচ্ছত্র জয় লাভ করল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। একটিও আসনে প্রার্থী দিতে না পেরে কার্যত প্রতিযোগিতার আগেই হার মানল বিজেপি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হলে এলাকাজুড়ে আনন্দে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকেরা। সবুজ আবিরে রাঙিয়ে ওঠে গোটা এলাকা।
স্থানীয় শালবাড়ী-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল প্রধান কবির হোসেন জানান, “পরাজয়ের আশঙ্কাতেই বিজেপি প্রার্থী দিতে পারেনি। এই জয় প্রমাণ করে যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব।”
এদিকে আগামী বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি জেলা তৃণমূলে বড়সড় সাংগঠনিক রদবদল হয়েছে। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় আবারও জেলা তৃণমূলের চেয়ারম্যান পদে বহাল হয়েছেন। অন্যদিকে, মহুয়া গোপ তৃতীয়বারের জন্য জেলা সভানেত্রী হয়েছেন। তাঁরা জানিয়েছেন, জলপাইগুড়ি জেলায় বিজেপিকে সম্পূর্ণভাবে পরাজিত করাই এবার তৃণমূলের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যে দলের সমস্ত স্তরের কর্মীদের ইতিমধ্যেই মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে।
সমবায় নির্বাচনে এই নিরঙ্কুশ জয় উত্তরবঙ্গে তৃণমূলের সাংগঠনিক শক্তি এবং জনভিত্তির স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল।







