পাকিস্তানে রাজ কাপুরের বাড়ির বর্তমান মালিক একটি শপিং মল তৈরির জন্য সেটিকে ভেঙে দিতে চেয়েছিলেন, এই বিষয়ে তিনি আদালতে আর্জিও জানান, কিন্তু আদালত এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। আদালতের তরফ থেকে জানানো হয়েছে বাড়িটিকে এখন একটি ঐতিহ্যবাহী স্থান হিসাবে বিবেচনা করা হয় এবং এটি ধ্বংস করা যাবে না। অতীতে দিলীপ কুমারের বাড়িতেও একই ধরনের সুরক্ষা দেওয়া হয়েছিল।
কাপুর হাভেলির বর্তমান মালিক আলি কাদার, এর আগে বাড়ি বিক্রির চেষ্টা করেছিলেন, তার বিরূদ্ধে সেই সংক্রান্ত অভিযোগও উঠেছিল। কাদার সেই অভিযোগ খারিজ করেন এবং জানান, তিনিই বরং প্রশাসনের দুয়োরে দুয়োরে ঘুরে সরকারকে অনুরোধ করেন এই বাড়ি দু’টির দায়িত্ব নেওয়ার জন্যে।
জানা গেছে, কাদার কাপুরের হাভেলি ২০০ কোটিতে বিক্রি করার প্রস্তাব দিয়েছিলেন। তবে পাকিস্তান সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ ২ কোটি টাকার সামান্য বেশি দামে বাড়িটি কিনতে আগ্রহ প্রকাশ করেছে। অবশেষে, সরকার সেই মূল্যে সম্পত্তি অধিগ্রহণ করে।







